০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

প্রথম ইনিংসের ব্যাটিং ধসকে হারের কারণ বললেন সাউদি

শক্ত অবস্থানে থেকে মাত্র ৭১ রানে শেষ ৬ উইকেট হারায় নিউ জিল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2024, 06:41 PM

Updated : 26 Aug 2026, 10:31 AM

দারুণ বোলিংয়ে শ্রীলঙ্কাকে অল আউট করার পর ব্যাটিংয়েও ভালো শুরু করে নিউ জিল্যান্ড। জাগায় বড় লিডের সম্ভাবনা। কিন্তু নাটকীয় ব্যাটিং ধসে তা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচও হেরে গেছে তারা। এর পেছনে প্রথম ইনিংসের ওই ব্যাটিং ব্যর্থতারই দায় দেখছেন অধিনায়ক টিম সাউদি। 

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে সোমবার ৬৩ রানে হেরেছে নিউ জিল্যান্ড। ২৭৫ রানের লক্ষ্যে ২১১ রানে গুটিয়ে গেছে তারা। শেষ দিন ২ উইকেট হাতে রেখে ৬৮ রান প্রয়োজন ছিল তাদের। মাত্র ১৫ মিনিটেই বাকি ২ উইকেট হারিয়ে সিরিজে পিছিয়ে পড়েছে সফরকারীরা।

তবে দ্বিতীয় ইনিংসের চেয়ে প্রথমবারের ব্যাটিংই বেশি পোড়াচ্ছে সাউদিকে। শ্রীলঙ্কার ৩০৫ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ২৫৫ রান করে ফেলে কিউইরা। বড় লিডের আশা নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করলেও, তাতে সফল হয়নি তারা। 

৭১ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারিয়ে মাত্র ৩৫ রানের লিড পায় নিউ জিল্যান্ড। শেষ দিন ম্যাচ হারের পর এই ব্যাটিং ধসকেই দায় দেন নিউ জিল্যান্ড অধিনায়ক।  

“প্রথম ইনিংসে আমরা যে অবস্থানে ছিলাম, আমার মতে তা ভালো। কিন্তু শেষ ৪-৫ উইকেট খুব দ্রুত পড়ে যায়। প্রথম ইনিংসে বড় লিড নেওয়ার সুযোগ ছিল। উইকেটের আচরণ, শ্রীলঙ্কার স্পিনারদের মানের কারণে আমরা জানতাম, দ্বিতীয় নতুন বলটা কঠিন হবে।   

"ওই সময়টা দেখুন, আমরা যদি তাদের ওপর চাপ তৈরি করে বড় লিড নিতে পারতাম, সব কিছু ভিন্ন হতে পারত। তবু ভালো টেস্ট ম্যাচ ছিল। সামনের দিনগুলোতে নেওয়ার মতো অনেক ভালো বিষয় ছিল ম্যাচে।" 

সাউদির চোখে, ইতিবাচক দিকগুলোর মধ্যে আছে দুই ইনিংসে উইলিয়াম ও'রোকের বোলিং ও রান তাড়ায় চাপের মুখে রাচিন রাভিন্দ্রার ব্যাটিং। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয়বার ৩ শিকার ধরেন ২৩ বছর বয়সী পেসার ও'রোক। নিউ জিল্যান্ডের জয়ের আশা বাঁচিয়ে রেখে দ্বিতীয় ইনিংসে ৯২ রানের ইনিংস খেলেন রাভিন্দ্রা। প্রথম ইনিংসেও ৩৯ রান করেন তিনি।

একই মাঠে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।