১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এবার অস্ট্রেলিয়াকে দেখে নিতে চান আফগানিস্তানের কোচ

‘আজকে রাতে ছেলেরা উপভোগ করবে, কালকে সকাল থেকেই অস্ট্রেলিয়ার জন্য তৈরি হওয়া শুরু করবে’, ইংল্যান্ডকে হারিয়ে উচ্ছ্বাসে ভেসে না গিয়ে পরের ম্যাচে তাকাচ্ছেন আফগানিস্তানের কোচ সাবেক ইংলিশ ব্যাটসম্যান জোনাথান ট্রট।

এবার অস্ট্রেলিয়াকে দেখে নিতে চান আফগানিস্তানের কোচ
ইংল্যান্ডকে হারানোর পর আফগান অধিনায়ক শাহিদিকে আলিঙ্গনে জড়ালেন কোচ ট্রট। ছবি: এসিবি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2025, 05:48 PM

Updated : 26 Aug 2026, 11:54 AM

স্মরণীয় জয়ের পর উদযাপনও হবে দারুণভাবে। তবে সেটা কেবল এক রাতের জন্যই। পরদিন সকাল থেকেই প্রস্তুতি শুরু আরও এমন একটি জয়ের চেষ্টায়! হ্যাঁ, ইংল্যান্ডকে হারানোর পর এটিই জোনাথান ট্রটের বার্তা। এক জয়ে উচ্ছ্বাসে ভেসে না গিয়ে আফগানিস্তানের কোচ তাকাচ্ছেন পরের ম্যাচে, যেখানে তাদের অপেক্ষায় অস্ট্রেলিয়া।

সাম্প্রতিক বছরগুলোয় আফগান ক্রিকেটের যে এগিয়ে চলা, সেখানে আড়াল থেকে শক্ত হাতে লাগাম ধরে আছেন এই ট্রট। তার কোচিংয়ে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সে চারটি ম্যাচ জিতে সেমি-ফাইনালে খেলার সম্ভাবনা জাগিয়েছিল আফগানিস্তান। এর মধ্যে ছিল ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে জয়। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা সেমি-ফাইনালে উঠে ইতিহাস রচনা করে।

এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কছে হারলেও দ্বিতীয় ম্যাচে হারিয়ে দেয় ইংল্যান্ডকে। 

লাহোরে বুধবার এই জয়ের পর ট্রটের গর্বিত উচ্চারণ, আফগানিস্তানকে হালকাভাবে নেওয়ার দিন শেষ। দেড় বছরের মধ্যে দুটি বড় আসরে ইংল্যান্ডকে হারানোর পর সাবেক এই ইংলিশ ব্যাটসম্যান অস্ট্রেলিয়াকেও প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখলেন। 

“আগে হয়তো সূচিতে এই ম্যাচটি দেখে লোকে ভাবত, ঐতিহ্যবাহী কোনো টেস্ট দলের সঙ্গে খেলার চেয়ে এটি সহজ হবে। তবে এই সংস্করণে, এমন কন্ডিশনে, আমার এখন আর তা মনে হয় না। আমি যা দেখি, আমাদের প্রতিটি ম্যাচই হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং প্রতিটি ম্যাচেই আমরা জয়ের প্রত্যাশা নিয়ে নামি। অস্ট্রেলিয়াও আমাদেরকে হালকাভাবে নেবে না।”

২০২৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারানোর খুব কাছে পৌঁছে গিয়েছিল তারা। কিন্তু মুম্বাইয়ে সেদিন অতিমানবীয় এক ইনিংসে আফগানদের মুঠো থেকে জয় বের করে নিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। পরে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিতে ওঠার পথে অস্ট্রেলিয়ানদের পর্যদুস্ত করে তারা। তবে ওয়ানডে বিশ্বকাপের সেই ক্ষতে প্রলেপ দেওয়ার বড় সুযোগ এবার। 

দলকে সেই চ্যালেঞ্জ জয়েই তৈরি হতে বললেন ট্রট। 

“আমি কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে তিনবার অস্ট্রেলিয়ার সঙ্গে খেলেছি এবং তিনবারই আমরা লড়াইয়ে ছিলাম প্রবলভাবে। আমি ছেলেদেরকে বলব, আজকে রাতটা উপভোগ করতে। এটা নিশ্চিত করব যে, কালকে সকালে ঘুম থেকে উঠে দ্রুত ওরা অস্ট্রেলিয়ার জন্য তৈরি হওয়া শুরু করবে।”

“মনোযোগ এখন অস্ট্রেলিয়ার দিকে। ছেলেরা এভাবেই এগিয়ে যাচ্ছে এবং সমর্থকদেরও এই বার্তাই দিচ্ছি।”

সাফল্যের এই সময়টায় ট্রট ফিরে গেলেন তার শুরুর দিনগুলোয়। দলকে তিনি কোন পথ ধরে এই পর্যায়ে আনলেন, আফগান ক্রিকেটাররা কীভাবে নিজেদের পরের ধাপে নিয়ে যাচ্ছে, পেছনের গল্প খানিকটা শোনালেন কোচ। 

“আমি যখন দায়িত্ব নেই, দলে তখন পরিপক্কতার অভাব ছিল। প্রস্তুতির ব্যাপারটি ছিল এখানে বড়, নিজেদেরকে নিয়ে তারা যেভাবে ভাবে, মাঠের বাইরে যেভাবে নিজেদের পরিচালনা করে, এসব দিয়েই আসলে মাঠের ভেতরে ভালো কিছু করার সেরা সুযোগ নিজেকে দিতে হয়।”

“এই ছেলেরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অনেক ম্যাচ খেলে, যা দারুণ ব্যাপার। এভাবে তারা উন্নতি করছে, বিশ্বের সেরা ক্রিকেটারদের সঙ্গে ওরা খেলতে পারছে এবং কাছ থেকে দেখতে পাচ্ছে, কীভাবে তারা পারফর্ম করে। সেই অভিজ্ঞতা তারা আফগানিস্তান দলেও বয়ে আনে, সবকিছুর সংমিশ্রণ ঘটায় এবং এই ধরনের রাতগুলির দেখা পাই আমরা।”

অস্ট্রেলিয়ার সঙ্গে আফগানিস্তানের ম্যাচটি শুক্রবার লাহোরেই।