ওয়ানডে দলে ফিরলেন হেড
ঘরের মাঠে ওয়ানডে ও টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।
ছুটি কাটিয়ে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরেছেন ট্র্যাভিস হেড। এই সংস্করণ থেকে অবসর নেওয়া অ্যারন ফিঞ্চের জায়গা এসেছেন বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান।
হতাশাময় টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দ্বি-পাক্ষিক সিরিজের দিকে মনোযোগ দিচ্ছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠের আসরটি শেষ হওয়ার চার দিনের মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে তারা। পরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
প্রথম সন্তান জন্ম উপলক্ষ্যে ছুটি নেওয়ায় জিম্বাবুয়ে ও নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ দুইটিতে ছিলেন না হেড। তার দলে ফেরা অনুমতিই ছিল। প্রথম পছন্দের তিন পেসার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হেইজেলউডকে রাখা হয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই সিরিজের দলেই।
আগামী ১৭ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজ দিয়ে এই সংস্করণে নেতৃত্বের অভিষেক হচ্ছে প্যাট কামিন্সের। ফিঞ্চের অবসরের পর ওয়ানডের নেতৃত্ব পেয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক। সিরিজের পরের দুই ম্যাচ ১৯ ও ২২ নভেম্বর।
এরপর ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট খেলতে নামবে স্বাগতিকরা। পার্থে প্রথম টেস্ট মাঠে গড়াবে ৩০ নভেম্বর। পরে অ্যাডিলেইডে ৮ ডিসেম্বর শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
সাদা পোশাকের সিরিজের ১৩ সদস্যের দলে তেমন চমক নেই। কাউন্টি ক্রিকেট ও শেফিল্ড শিল্ডে ভালো করে দলে ফিরেছেন মার্কাস হ্যারিস। তবে ডানহাতি পেসার স্কট বোল্যান্ডের পাশাপাশি তারও মূল একাদশের বাইরে রিজার্ভ হিসেবে থাকার সম্ভাবনাই বেশি।
অস্ট্রেলিয়া ওয়ানডে দল: প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স কেয়ারি (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জ্যাম্পা।
অস্ট্রেলিয়া টেস্ট দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেয়ারি (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, উসমান খাওয়াজা, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও ডেভিড ওয়ার্নার।
