চারে মিলে ছয়শ, অস্ট্রেলিয়ান কোয়ার্টেটের অবিশ্বাস্য কীর্তি
প্রায় দেড়শ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার এমন অর্জন দেখা গেল মিচেল স্টার্ক, জশ হেইজেলউড, প্যাট কামিন্স ও ন্যাথান লায়নের সৌজন্যে।
টেস্ট ক্রিকেটে যুগে যুগে কত দুর্দান্ত বোলিং চতুষ্টয়ই তো দেখা গেছে। তবে অস্ট্রেলিয়ার চারজন মিলে যা করলেন, ইতিহাসে তেমন কিছুর নজির নেই আর। টেস্ট ইতিহাসের সফলতম চতুষ্টয় ছিলেন তারা আগে থেকেই। সেই চারজন, মিচেল স্টার্ক, জশ হেইজেলউড, প্যাট কামিন্স ও ন্যাথান লায়ন মিলে এবার গড়লেন অনন্য এক মাইলফলক।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার এই বোলিং ‘কোয়ার্টেট’ মিলে উইকেট নিয়েছেন ৯টি। এই চারজনের একসঙ্গে এটি ৩৮তম টেস্ট। এই টেস্টগুলোয় তাদের সম্মিলিত উইকেট সংখ্যা এখন ৬০২টি।
টেস্ট ক্রিকেটের প্রায় ১৫০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো বোলিং চতুষ্টয় একসঙ্গে নিতে পারলেন ৬০০ উইকেট।
ইতিহাসের আর কোনো বোলিং কোয়ার্টেটের এমনকি ৫০০ বা ৪৫০ উইকেটও নেই। রেকর্ডের দুইয়ে আছেন জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, বেন স্টোকস ও মইন আলি। ইংল্যান্ডের এই বোলিং চতুষ্টয় মিলে ৩১ টেস্টে নিয়েছেন ৪১৫ উইকেট।
শীর্ষ দুই চতুষ্টয়ের মধ্যে এই যে বিশাল ব্যবধান এবং অস্ট্রেলিয়ান চতুষ্টয়ের শ্রেষ্ঠত্ব, সবকিছু নিয়ে আরও বেশি আলোচনা হওয়া উচিত ও তাদেরকে আরও বেশি কৃতিত্ব দেওয়া উচিত বলে মনে করেন আরেক পেস গ্রেট জেসন গিলেস্পি।
“বোলিং গ্রুপ হিসেবে স্টার্ক, হেইজেলউড, কামিন্স ও লায়ন ৬০০ উইকেট নিয়েছে কেবল ৩৮ টেস্টে… আমার মনে হয়, এই ব্যাপারটি আমাদের উদযাপন করা উচিত। পরের চতুষ্টয়ের সঙ্গে তারা বিশাল ব্যবধানে এগিয়ে।
“অনেক সময়ই ওরা প্রাপ্য কৃতিত্বটুকু পায় না। ওদের প্রত্যেকে আলাদা করেও ক্রিকেটের কিংবদন্তি হয়ে থাকবে। এই ম্যাচেও তা দেখা গেছে। স্টার্ক শুরুতে কিছু রান দিলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। হেইজেলউড তো বরাবরের মতোই ভালো। কামিন্স ছিল ভয়ঙ্কর। তরতাজা মনে হয়েছে ওকে।”
চতুষ্টয় হিসেবে অস্ট্রেলিয়ার এই চার তারকা তো ইতিহাসের সফলতম বটেই, জুটি হিসেবেও আলাদা করে তারা দারুণ সফল। কামিন্স ও লায়ন জুটির একসঙ্গে খেলা টেস্টগুলোয় দুজনের উইকেট সংখ্যা ৬০০ পেরিয়েছে এই ডারবান টেস্টেই। স্টার্ক ও লায়নের একসঙ্গে খেলা টেস্টে উইকেট এখন ৭৭৮টি, হেইজেলউড ও লায়নের ৫৮৬টি।
এই রেকর্ডের শীর্ষে থাকা দুজন অবশ্য আপাতত সবারই ধরাছোঁয়ার বাইরে। জুটি হিসেবে টেস্ট ইতিহাসের সফলতম অ্যান্ডারসন ও ব্রড। একসঙ্গে খেলা টেস্ট ম্যাচে তারা দুজন মিলে নিয়েছেন ১ হাজার ৩৯ উইকেট। অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রা জুটির উইকেট ১ হাজার ১টি। শ্রীলঙ্কার চামিন্দা ভাস মুত্তাইয়া মুরালিথারান জুটির উইকেট ৮৯৫টি।
