Published : 28 Dec 2025, 06:55 PM
বিপিএল খেলার জন্য যখন দুদিন আগে বাংলাদেশে এলেন খাওয়াজা নাফে, তখন তার পরিচয় পাকিস্তানের উঠতি ক্রিকেটার। রংপুর রাইডার্সের হয়ে প্রথম দিন যখন অনুশীলন করলেন, তখন তিনি পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটার! স্বপ্ন পূরণের আনন্দে উচ্ছ্বসিত তরুণ এই ব্যাটসম্যান।
শ্রীলঙ্কার বিপক্ষে সামনে টি-টোয়েন্টি সিরিজের পাকিস্তান দলে ডাক পেয়েছেন নাফে। পাকিস্তানের নির্বাচকরা দল ঘোষণা করেছেন রোববার। মূলত বেশ কজন অভিজ্ঞ ক্রিকেটার বিগ ব্যাশে ব্যস্ত থাকায় স্বপ্নের দুয়ার খুলে গেছে ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যানের সামনে।
রংপুরের হয়ে বিপিএল খেলতে আসা ব্যাটসম্যান সিলেটে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শোনালেন তার অনুভূতি।
“আমার জন্য অনেক গর্বের মুহূর্ত। যেটির জন্য পরিশ্রম করছিলাম, দেশের হয়ে খেলার জন্য, ওটা হয়েছে। নাম এসে গেছে আমার (জাতীয় দলে)। চেষ্টা থাকবে ওখানে গিয়েও পারফর্ম করার, আপনারা দোয়া করবেন।”
আগামী ৭ জানুয়ারি শুরু হবে পাকিস্তানের তিন ম্যাচের সিরিজটি। লঙ্কানদের বিপক্ষে সিরিজটি খেলতে দেশে ফিরবেন নাফেসহ বিপিএলে আসা সাত পাকিস্তানি ক্রিকেটার।
এই যে স্বপ্নের ঠিকানায় পৌঁছে যাওয়া, সেই পথটা নাফেকে করে দিয়েছে বিপিএলই। ২০২৩ বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে যখন খেলতে এলেন, পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটেও তখন তিনি একদমই অপরিচিত নাম। স্বীকৃত ক্রিকেটে তার অভিষেক ওই বিপিএল দিয়েই। তিন ম্যাচ খেলে সেবার মোটে ২৩ রান করতে পেরেছিলেন।
পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে তার অভিষেক আরও এক বছর পর। পাকিস্তান সুপার লিগে দ্বিতীয় ম্যাচে ৩১ বলে ৬৬ রানের ইনিংস খেললেও পরে আর ভালো করতে পারেননি। পরে ওই বছরের শেষে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স টি-টোয়েন্টি কাপে খেলে ১০ ম্যাচে ২টি ফিফটি করতে পারেন।
বিপিএলে আবার সুযোগ মেলে তার গত আসরে। এবার চট্টগ্রামেরই আরেক ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের হয়ে পাঁচ ম্যাচের তিনটিতেই করেন ফিফটি। ৪০.২০ গড় ও ১৪২.৫৫ স্ট্রাইক রেটে করেন ২০১ রান।
বিপিএলের ওই পারফরম্যান্সের পর পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটেও আরও বেশি সুযোগ মিলেছে বলে জানালেন নাফে।
“গত বছর পারফর্ম করেছিলাম (বিপিএলে)… তখনও ঘরোয়া ক্রিকেটে খুব বেশি খেলিনি। বিপিএলে গতবার পারফর্ম করার পর অনেকে জানতে পেরেছে ও পরে ঘরোয়া ক্রিকেটে খেলতে পেরেছি।”
চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিতে দুইবার খেলে এখন তিনি রংপুরে। নতুন দলের হয়েও পারফরম্যান্স আগের মতোই করতে চান তিনি।
“জিএসএলে (গ্লোবাল সুপার লিগ) আমি রংপুরের সঙ্গে ছিলাম। আমার জন্য তাই এটি নতুন দল নয়। হ্যাঁ, বিপিএলে আমার নতুন দল রংপুর। নতুন লক্ষ্য আছে। চেষ্টা থাকবে গত মৌসুমে যেভাবে পারফর্ম করেছি, সেভাবে রংপুরের হয়েও করতে।”
গত জুলাইয়ে গায়ানায় গ্লোবাল সুপার লিগে রংপুর দলে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি নাফে। বিপিএলেও তার জন্য ম্যাচ পাওয়া সহজ হবে না। টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল রংপুর। দেশের তারকা ক্রিকেটার যেমন সবচেয়ে বেশি তাদের, তেমনি বিদেশি ক্রিকেটার সংগ্রহেও তারা অন্যদের চেয়ে যোজন যোজন এগিয়ে।
নাফে নিজেও অনুভব করতে পারছেন, দলটা কতটা সমৃদ্ধ।
“দল তো আমাদের খুবই ভালো। দল তৈরি করার মতো সব ধরনের বিকল্প আমাদের আছে। সবচেয়ে ভালো দল আমাদেরই। সবচেয়ে বড় দল যখন বলা যায়, ওই চাপ তো থাকেই। এছাড়া আর কোনো চাপ নেই যে কিছু করতে পারব না।”
রংপুরে নাফে সতীর্থ হিসেবে পাবেন মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ ক্রিকেটারকে। তার কাছ থেকে শেখার ইচ্ছে আছে পাকিস্তানি এই ক্রিকেটারের।
“তিনি তো অনেক সিনিয়র ব্যাটসম্যান। ছোট থেকেই… ৮, ৯, ১০ বছর বয়স থেকে দেখছি, উনি বাংলাদেশের হয়ে খেলছেন। অনেক আগে থেকেই দেখছি। মাত্র এলাম, আজকে আমার প্রথম দিন। উনার যত অভিজ্ঞতা আছে, চেষ্টা থাকবে এক একটি করে পয়েন্ট শিখতে।”
সিলেটে সোমবার চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল অভিযান শুরু করবে রংপুর।