২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মিরপুরে কুকের সেঞ্চুরির ১৫ বছর পর হেডিংলিতে ডাকেট

টানা দুই টেস্টে সেঞ্চুরির স্বাদ পেলেন ইংলিশ ওপেনার।

মিরপুরে কুকের সেঞ্চুরির ১৫ বছর পর হেডিংলিতে ডাকেট
সেঞ্চুরির পর বেন ডাকেট। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2025, 12:07 AM

Updated : 26 Aug 2026, 01:15 PM

রিভার্স সুইপ করে বাউন্ডারিতে বল পাঠিয়ে শূন্যে লাফিয়ে মুষ্টিবদ্ধ হাত বাতাসে ছুঁড়লেন বেন ডাকেট। কাঙ্ক্ষিত তিন অঙ্ক ছুঁয়ে ইংল্যান্ডের দীর্ঘ দিনের একটি অপেক্ষার অবসানও ঘটালেন বাঁহাতি ওপেনার।

ভারতের বিপক্ষে হেডিংলি টেস্টে রান তাড়ায় পঞ্চম দিন সেঞ্চুরি করেছেন ডাকেট। টেস্টের চতুর্থ ইনিংসে ১৫ বছরের বেশি সময় পর শতকের স্বাদ পেলেন ইংল্যান্ডের কোনো ওপেনার।

২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্টের চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করেছিলেন ইংলিশ গ্রেট অ্যালেস্টার কুক। ২০৯ রানের লক্ষ্য তাড়ায় ১০৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। ম্যাচটি ৯ উইকেটে জিতেছিল ইংল্যান্ড।

৩৪ টেস্টের ক্যারিয়ারে এটি ডাকেটের ষষ্ঠ সেঞ্চুরি। সবশেষ ম্যাচেও সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তিনি। গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলেন ১৪০ রানের ইনিংস।

টেস্টে ভারতের বিপক্ষে এনিয়ে দ্বিতীয়বার তিন অঙ্কের ছোঁয়া পেলেন ডাকেট। অন্যটি ভারতের মাটিতে।

এই ম্যাচের প্রথম ইনিংসে ৬২ রান করেন ডাকেট। চতুর্থ দিনের শেষ বেলায় ৩৭১ রানের লক্ষ্য তাড়ায় দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ৯ রান নিয়ে অপরাজিত ছিলেন তিনি।

পঞ্চম দিনের শুরুতে আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে রান বাড়াতে থাকেন ডাকেট। ৬৬ বলে ফিফটি স্পর্শ করেন তিনি। সমান গতিতে রান বাড়িয়ে ১২১ বলে সেঞ্চুরিতে পা রাখেন ৩০ বছর বয়সী ব্যাটসম্যান। 

সেঞ্চুরির ঠিক আগে অবশ্য একবার জীবন পান ডাকেট। মোহাম্মদ সিরাজকে পুল শট খেলতে গিয়ে ব্যাটে-বলে ঠিকমতো করতে পারেননি তিনি। অনেকটা সময় হাওয়ায় থাকা বল বাউন্ডারি লাইন থেকে দৌড়ে এসে নাগালও পান ইয়াশাসভি জয়সওয়াল; কিন্তু বল মুঠোয় রাখতে পারেননি এই ম্যাচে আরও কয়েকটি ক্যাচ ছাড়া তরুণ ক্রিকেটার।

৯৮ রানে জীবন পেয়ে পরের ওভারেই জাদেজাকে ওই চারে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যান ডাকেট।

ডাকেটের সেঞ্চুরির পর রুটের দৃঢ়তায় ভারতের বিপক্ষে ইংল্যান্ডের দারুণ জয়