Published : 09 Jun 2026, 08:08 PM
চোটের থাবায় অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে হাসান মাহমুদ। তবে এই সময়েই এলো তার স্বপ্ন পূরণের এক মুহূর্ত। ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলবেন বাংলাদেশের এই পেসার। কাউন্টি দল কেন্টে ছয় ম্যাচের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ এই ঘরোয়া টুর্নামেন্টে বাংলাদেশের দ্বিতীয় প্রতিনিধি হাসান। দুই দফায় কাউন্টিতে খেলেছেন সাকিব আল হাসান। বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার প্রথম দফায় দুই মৌসুম (২০১০ ও ২০১১) খেলেছেন উস্টারশায়ারে। দ্বিতীয় দফায় (২০২৪ সালে) খেলেছেন সারের জার্সিতে।
এছাড়াও তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমান খেলেছেন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে। তবে কাউন্টি চ্যাম্পিয়নশিপের স্বাদ পাননি তারা।
হাসানকে দলে নেওয়ার খবরটি মঙ্গলবার নিশ্চিত করেছে কেন্ট। সেই বিবৃতিতে হাসান মাহমুদ বলেন, এটা তার জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার।
“কেন্টের মতো ঐতিহাসিক দলের হয়ে খেলার সুযোগ পেয়ে গর্বিত।”
“কাউন্টি ক্রিকেটে খেলা আমার জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। এটা শুধুমাত্র আমার জন্য নয়, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য গর্বের ব্যাপার।”
বাংলাদেশের হয়ে ১৩ টেস্টে ৩৬ উইকেট শিকার করা হাসান কেন্টের জার্সিতেও সাকিবের পদাঙ্ক অনুসরণ করতে চান। পাশাপাশি কেন্ট সমর্থকদের সঙ্গে সময়টা উদযাপণ করতেও অপেক্ষায় তিনি।
“আমি কঠোর পরিশ্রম করতে এবং দলের সাফল্যে অবদান রাখতে দৃঢ প্রতিজ্ঞ। ইতোমধ্যে অ্যাডাম হোলিওক (প্রধান কোচ) ও সাইমন কুকের (প্রধান নির্বাহী) সঙ্গে কথা বলেছি, জানার চেষ্টা করছি দলে কী যোগ করতে পারব এবং আমার কাছে তাদের প্রত্যাশা কী। এই কাউন্টিকে প্রতিনিধিত্ব করতে আর তর সইছে না আমার।”
“ক্লাবের সদস্য ও সমর্থকদের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি। পাশাপাশি যুক্তরাজ্যে থাকা বাংলাদেশিরা মাঠে এসে দলকে সমর্থন দেবে, এটা দেখার অপেক্ষায়। ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসার কথা সবারই জানা।”
এছাড়া কেন্টের ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে হাসান বলেন, ইংল্যান্ডের কন্ডিশনে বোলিং উপভোগ করবেন বলেই আশা তার।
“অবশ্যই বাতাসের অনুকূলে বোলিং করতে ভালো লাগবে। এই ধরনের আবহাওয়া ও কন্ডিশন উপভোগ করছি। দারুণ সবুজ উইকেট এবং বেশ সুইং পাব। এটা উপভোগই করব।”
প্রথম দফায় কেন্টের জার্সিতে দুই ম্যাচ খেলবেন হাসান মাহমুদ। যার প্রথমটি আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে কেন্টের সপ্তম ম্যাচ। মিডলসেক্সের বিপক্ষে কেন্টের পরের ম্যাচটি শুরু আগামী ১৯ জুন।
দ্বিতীয় দফায় সেপ্টেম্বরে কেন্টের হয়ে মাঠে নামার কথা তার। বিসিবি থেকে তার অনাপত্তিপত্রের উপর নির্ভর করছে এ দফায় তার মাঠে নামা।