ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আতাপাত্তুর ইতিহাস
শ্রীলঙ্কার প্রথম নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডে ব্যাটারদের তালিকায় চূড়ায় উঠলেন তিনি।
নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে ভালো করার পুরস্কার পেলেন চামারি আতাপাত্তু। প্রথমবারের মতো এই সংস্করণে নারী ব্যাটারদের তালিকার শীর্ষে উঠলেন শ্রীলঙ্কান অধিনায়ক।
পুরুষ ও নারী ক্রিকেটারদের মধ্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ে চূড়ায় ওঠা দ্বিতীয় লঙ্কান আতাপাত্তু। শ্রীলঙ্কার হয়ে এই কীর্তি আছে আর শুধু সানাৎ জয়াসুরিয়ার, ২০০২ সালে।
মেয়েদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ মঙ্গলবার প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি। ওয়ানডে ব্যাটারদের মধ্যে ৬ ধাপ এগিয়ে এক নম্বরে জায়গা করে নেন আতাপাত্তু।
নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডের প্রথমটিতে অপরাজিত ১০৮ রানের ইনিংস খেলেন আতাপাত্তু। এরপর তৃতীয় ও শেষ ওয়ানডেতে করেন অপরাজিত ১৪০। দুটি ম্যাচেই জয়ের দেখা পায় লঙ্কানরা। এই প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে নিউ জিল্যান্ডকে হারায় দলটি, ২-১ ব্যবধানে।
ব্যাট হাতে চমৎকার এই পারফরম্যান্সে র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার বেথ মুনিকে পেছনে ফেলে চূড়ায় উঠে যান আতাপাত্তু। এক ধাপ নিচে নেমে দুইয়ে এখন মুনি। তিন নম্বরে দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট।
সিরিজ হারলেও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে সোফি ডিভাইনের। ব্যাটারদের মধ্যে ৬ ধাপ এগিয়ে ১৩ নম্বরে এখন নিউ জিল্যান্ড অধিনায়ক।
বোলারদের মধ্যে আগের মতোই শীর্ষে ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে যথারীতি চূড়ায় হেইলি ম্যাথিউস।
