ঝুঁকি নিয়ে ব্যর্থ বাংলাদেশ
জেতার আশায় মিরপুরের পিচে বোলারদের জন্য সহায়তা থাকার ঝুঁকি নিয়েছিল স্বাগতিকরা। ব্যাটসম্যানরা ছন্দে থাকায় হার এড়ানোর আত্মবিশ্বাস ছিল মুশফিকুর রহিমদের। কিন্তু কাজ হয়নি, হার দিয়েই শেষ হয়েছে স্বাগতিকদের এই পরীক্ষা।
খুলনা টেস্ট ড্র করার পর পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ ড্র করার সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। জেতার চেষ্টায় হারের বৃত্তেই থাকল তারা।
শনিবার ৩২৮ রানে ঢাকা টেস্ট হারের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম জানান, ব্যাটসম্যানরা ছন্দে থাকায় উইকেটে বোলারদের জন্য সহায়তা চেয়েছিলেন তারা।
“খুলনার চেয়ে এখানকার উইকেট বোলারদের জন্য একটু বেশি ভালো ছিলো। খুলনার প্রাণহীন উইকেটে কেনো খেললাম, এ বিষয়ে অনেক কথা হয়েছে।”
“উইকেটে (প্রথম দিনের) প্রথম দুই ঘণ্টায় বেশ সহায়তা ছিল। আমার মনে হয়, রাজিব (শাহাদাত হোসেন) যদি সে সময় চোটে না পড়তো, তাহলে প্রথম সেশনেই ওদের তিন-চারটা উইকেট নেওয়া যেত। প্রথম ইনিংসে ওদের কম রানে অলআউট করে বড় স্কোর গড়তে পারলে খেলার চিত্রটা ভিন্ন হত।”
দলের ৩২৮ রানের হারের পেছনে উইকেটের কোনো ভূমিকা দেখছেন না মুশফিক। অধিনায়ক মনে করেন, ব্যাটিং ও বোলিংয়ে ভালো করতে না পারায় হারতে হয়েছে তাদের।
