২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কাঠগড়ায়’ ঢাকা টেস্টের একাদশ

খুলনার পিচের চেয়ে বোলারদের জন্য অনেক বেশি সহায়তা ছিল ঢাকার পিচে। তবুও প্রায় একই দল খেলায় বাংলাদেশ। ৩২৮ রানে ঢাকা টেস্ট হারের পর এই ম্যাচের একাদশ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন স্বাগতিক দলের অধিনায়ক মুশফিকুর রহিম।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2015, 05:18 PM

Updated : 12 Oct 2022, 03:40 PM

পুরনো খবর:

ঝুঁকি নিয়ে ব্যর্থ বাংলাদেশ
শেষটাকে ‘বাজে’ মানলেন মুশফিকও
মুশফিকের ভাবনায় এখন ভারত সিরিজ
ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের বড় হার
টেন্ডুলকারকে ছাড়িয়ে রিচার্ডসের পাশে মুমিনুল

ঢাকা টেস্টে বাংলাদেশ দলের দুই বিশেষজ্ঞ পেসার ছিলেন মোহাম্মদ শহীদ ও শাহাদাত হোসেন। মাত্র দুই বল করেই চোটের কারণে টেস্ট শেষ হয়ে যায় শাহাদাতের।

খুলনা টেস্টে বল করেননি সৌম্য সরকার। শাহাদাত মাঠ ছাড়ার পর ঢাকা টেস্টে দুই ইনিংস মিলিয়ে ২৬.৪ ওভার বল করেন এই মিডিয়াম পেসার। মুশফিক জানান, শুরু থেকেই তাদের পরিকল্পনায় ছিলেন সৌম্য।

“দুই জন পেস বোলার তো না। সৌম্যর কথা ধরেন, তাহলে তো আমরা তিন জন পেস বোলার নিয়ে খেলেছি। টিম ম্যানেজমেন্টে যারা ছিলেন তাদের সবার সম্মিলিত সিদ্ধান্তে এটা করা হয়েছে।”

পাকিস্তান উইকেট দেখে একজন বাড়তি পেসার খেলায়। জুলফিকার বাবরের জায়গায় তারা দলে নেয় পেসার ইমরান খানকে। অন্য দিকে বাংলাদেশ, চোট পাওয়া রুবেল হোসেনের জায়গায় দলে ফেরায় শাহাদাতকে।

দুই জন পেসার থাকায় অনেক দায়িত্ব ছিল শহীদ-শাহাদাতের কাঁধে। শহীদ প্রাণপণ চেষ্টাও করেন। কিন্তু শাহাদাত মাঠ ছাড়ার পর শহীদের আর কোনো সঙ্গী না থাকায় তার ওভারগুলো কাটিয়ে দিয়েই স্বাগতিক বোলারদের ওপর চড়াও হয় অতিথিরা।

প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে শহীদ জানিয়েছিলেন, তৃতীয় এক জন পেসারের অভাব অনুভব করেছেন তিনি।

উইকেট দেখে একাদশ নির্বাচন করা হয়েছিল কী না সেই প্রশ্নেরও উত্তর দিতে হয় মুশফিককে।

“উইকেট দেখেই তো পরিকল্পনা করা হয়েছিল। ১২ জন থাকে, ম্যাচের দিন সকালে এসে আমরা সিদ্ধান্ত নেই কোন ১১ জন খেলবে।”

কিউরেটর থেকে শুরু করে সিনিয়র ক্রিকেটারসহ অনেকের সঙ্গে কথা বলে একাদশ ঠিক করা হয় বলে জানান বাংলাদেশের অধিনায়ক।

“এখানে বলার সুযোগ সবারই থাকে। এটা আমার দল নয়, কোচেরও দল নয়, কারোরই দল নয়; এটা বাংলাদেশ দল। এখানে সবার অধিকার আছে। শেষ পর্যন্ত সবাই যা ভালো মনে করেন, সেই সিদ্ধান্ত হয়। নির্বাচকরা থাকেন, আমরাও থাকি, কোচও থাকেন, সবাই মিলে সিদ্ধান্ত হয় কোন এগারো জন খেলবে।”

মুশফিক জানান, জুবায়ের হোসেনের ঢাকা টেস্টে খেলার কথা ছিল। কিন্তু এই লেগস্পিনার চোট পাওয়ায় শুভাগত হোম চৌধুরীকে খেলাতে হয় তাদের।

“লিখন (জুবায়ের হোসেন) সকাল পর্যন্ত এই টেস্টের দলে ছিল। সকালে এসে ও চোট পাওয়ায়, ওর বিকল্প নিতে হয়। শুভাগত দলেই ছিল। আমাদের মনে হয়েছিল ও সবচেয়ে ভালো বিকল্প হতে পারে।”