বিফলে ডি ভিলিয়ার্স, সরফরাজের বিধ্বংসী ব্যাটিং
এবি ডি ভিলিয়ার্স ও সরফরাজ খানের বিধ্বংসী ব্যাটিংয়ে দুইশ’ রানের ইনিংস গড়েও জয়ের জন্য লড়তে পারল না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। নিজেদের মাঠে রাজস্থান রয়্যালসের সঙ্গে তাদের ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়ে গেছে।
গত রোববার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রাজস্থানের আগের ম্যাচটিও বৃষ্টিতে পরিত্যক্ত হয়।
ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বুধবার টস হেরে ব্যাট করতে নেমে ডি ভিলিয়ার্স ও সরফরাজের মারমুখী ব্যাটিংয়ে ৭ উইকেটে ২০০ রান করে স্বাগতিকরা।
দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স ৪৫ বলে ৯টি চার ও ১টি ছক্কায় ৫৭ রান করেন। আর সরফরাজ ৪৫ রান করে অপরাজিত থাকেন। ২১ বলের ইনিংসে ৬টি চার ও ১টি ছক্কা মারেন তিনি।
রাজস্থানের ইনিংস শুরুর আগেই বৃষ্টি নামে, পরে আর খেলা শুরু করা যায়নি।
