হাড্ডাহাড্ডি সেমির অপেক্ষায় নিউ জিল্যান্ড
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউ জিল্যান্ডের সেমি-ফাইনাল উত্তেজনায় ঠাসা ম্যাচ হবে বলেই মনে করেন মাইক হেসন। নিউ জিল্যান্ডের কোচের মতে, দুটি দলই ফাইনালে ওঠার জন্যে উদ্দীপ্ত হয়ে আছে।
ইডেন পার্কে আগামী মঙ্গলবার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে বিশ্বকাপের সহ-আয়োজক নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। দুটি দলের সামনেই প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনাল খেলার হাতছানি।
সেমি-ফাইনালে ওঠার পথে সাত ম্যাচ জিতেছে ব্রেন্ডন ম্যাককালামের দল। অন্যদিকে, এবি ডি ভিলিয়ার্সের দলের জয় পাঁচটি। তবে শেষ চারে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করেন হেসন।
