গাপটিলের ভয়ালসুন্দর ব্যাটিংয়ে ম্যাককালামের মুগ্ধতা
বিশ্বকাপে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়ে দলকে জেতানোর পর অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের প্রশংসায় ভেসেছেন নিউ জিল্যান্ডের ব্যাটসম্যান মার্টিন গাপটিল। ম্যাককালামের ম্যাচ শেষের তাৎক্ষনিক প্রতিক্রিয়াটাই আসলে হয়ে গিয়েছিল গাপটিলময়।
শনিবার ওয়েলিংটনে চতুর্থ কোয়ার্টার-ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৩ রানের বড় ব্যবধানে হারিয়ে সেমি-ফাইনালে ওঠে নিউ জিল্যান্ড। সেমি-ফাইনালে তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দক্ষিণ আফ্রিকা।
ওয়েস্ট প্যাক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩৯৩ রান করে স্বাগতিক নিউ জিল্যান্ড। ২৭ রানে প্রথম উইকেট হারালেও দলকে বিশাল সংগ্রহ এনে দেন গাপটিল। ১৬৩ বলে অপরাজিত ২৩৭ রান করেন তিনি।
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ষষ্ঠ দ্বিশতক করে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে যাওয়া গাপটিলের ইনিংসটি দেখে মুগ্ধ ম্যাককালাম।
"যে ইনিংসটি আমরা দেখলাম, এটি সম্ভবত এই সংস্করণে আমাদের দেখা অন্যতম সেরা। ভীষণসুন্দর, একদম ভীষণসুন্দর। এটা আমি কখনো ভুলব না। এখানে সবার বেলায়ই তাই।"
ম্যাচ সেরা গাপটিলের চোখজুড়ানো এই ইনিংস আর বিশাল জয়ে দলের শেষ চার নিশ্চিত হওয়া-এতে বুঁদ হয়ে থাকতে চান না ম্যাককালাম। তার ভাবনায় উঁকি দিচ্ছে সেমি-ফাইনাল।
গত দশটি বিশ্বকাপে ৬টি সেমি-ফাইনালে খেললেও একবারও ফাইনাল খেলা হয়নি নিউ জিল্যান্ডের। এবার এই অপূর্ণতা পূরণ করতে চায় বিশ্বকাপের সহ-আয়োজক দেশটি। সতীর্থদের তাই সেমি-ফাইনালে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন অধিনায়ক।
"আমরা গাপের (গাপটিল) সাফল্য, দলের সাফল্য আজ (শনিবার) রাতে উদযাপন করব এবং এরপর সেমি-ফাইনালে মনোযোগ দেব।"
