ঝড় তোলা গাপটিল শান্তই আছেন
তার ব্যাটের ঝড়ে রোমাঞ্চে কেঁপেছে ওয়েলিংটনের ওয়েস্ট প্যাক স্টেডিয়াম। কিন্তু বিশ্বকাপের সর্বোচ্চ রানের ইনিংস খেলার পরও মার্টিন গাপটিল শান্তই আছেন।
শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ কোয়ার্টার-ফাইনালে অপরাজিত ২৩৭ রান করেন নিউ জিল্যান্ডের এই উদ্বোধনী ব্যাটসম্যান। ১৬৩ বলের ইনিংসটি ২৪টি চার ও ১১টি ছয়ে সাজান তিনি।
বিশ্বকাপের ইতিহাসে এটাই সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। এর আগে এই বিশ্বকাপেরই গ্রুপ পর্বে জিম্বাবুয়ের বিপক্ষে ২১৫ রান করেছিলেন ক্রিস গেইল। এই কয়দিন ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী ব্যাটসম্যানের ইনিংসটিই ছিল বিশ্বকাপে সর্বোচ্চ ব্যক্তিগত রান।
এমন একটি ইনিংস খেলার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানাতে এসে গাপটিল ছিলেন তার ব্যাটিংয়ের মেজাজের ঠিক যেন বিপরীত।
“সত্যি বলছি, একটা খুব শান্ত একটা অনুভূতি।”
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে গাপটিলের ইনিংসটি দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৪ সালের নভেম্বরে কলকাতার ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিপক্ষে ২৬৪ রান করেন ভারতের রোহিত শর্মা। ওয়ানডেতে সর্বোচ্চ রানের ব্যক্তিগত ইনিংস এটাই।
ওয়ানডে ক্রিকেটে ষষ্ঠ দ্বিশতক করা গাপটিলের ব্যাটেই নিউ জিল্যান্ড প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৩৯৩ রান তুলতে পারে। এমন একটি ইনিংসের পরও তার শান্ত থাকার কারণও বলেন গাপটিল।
“কাজটা মাত্র অর্ধেকই শেষ হয়েছে”
শুরুতে দেখেশুনে খেলে ৬৪ বলে অর্ধশতকে পৌঁছান গাপটিল। এরপর রানের গতি বাড়ানোর দিকে মনোযোগী হন। দ্বিশতকটি তিনি করেন ১৫২ বলে। ইনিংসের ৪৮তম ওভারে আন্দ্রে রাসেলের করা প্রথম বলেই চার মেরে ১৯৯ থেকে দ্বিশতকে পৌঁছান গাপটিল।
অসাধারণ ইনিংসটি খেলার পথে উদ্ভাবনী বা প্রথাবিরোধী শট বেশি খেলেননি গাপটিল। ক্রিকেট ব্যাকরণ মেনে শট খেলেই বিধ্বংসী ইনিংসটি সাজান তিনি। তবে ইনিংসের শেষের দিকে বোলারদের ওপর একটু বেশিই চড়াও হয়েছিলেন গাপটিল। মুখোমুখি হওয়া শেষ ৫২ বলে ১৩৭ রান করেন তিনি।
নিউ জিল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যানের তৃতীয় অর্ধশতকটি আসে ২৩ বলে। তার চতুর্থ অর্ধশতক আসে মাত্র ১৮ বলে। অর্থাৎ দ্বিতীয় শতকটি তিনি করেন মাত্র ৪১ বলে। এই সময়ে ৯টি চার ও ৮টি ছক্কা উপহার দেন গাপটিল।
ব্যাট হাতে এভাবে ধাপে ধাপে এগুনোরও ব্যাখ্যা দেন গাপটিল।
“চাপ ছিল, কিন্তু আপনাকে এটা পেছনে ফেলতে হবে এবং যথাসম্ভব ভালো করে বল দেখতে হবে।… একবার থিতু হতে পারলে খুব সহজেই রান আসবে।”
এমন একটি ইনিংস খেলার পেছনে উৎসাহ দেওয়ার জন্য সমর্থকদের ধন্যবাদ জানান গাপটিল।
