২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাপটিল-গেইলে ছক্কার বিশ্বকাপ রেকর্ড

মার্টিন গাপটিলের ব্যাটিং তাণ্ডবের পর ওয়েলিংটনে চার-ছয়ের ফোয়ারা ছুটিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। লড়াইটা একপেশে হলেও তাই বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড উপহার দিয়েছে দুই দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2015, 03:19 PM

Updated : 26 Jul 2022, 11:57 AM

শনিবার নিউ জিল্যান্ডের ওয়েস্ট প্যাক স্টেডিয়ামে চতুর্থ কোয়ার্টার-ফাইনালে দুই দলের ব্যাটসম্যানরা মোট ছক্কা মারেন ৩১টি। বিশ্বকাপে এর আগে দুটি ম্যাচে সর্বোচ্চ ২২টি করে ছক্কা হয়েছিল।

ওয়েস্ট ইন্ডিজে ২০০৭ বিশ্বকাপে গ্রুপ পর্বে পাকিস্তান-জিম্বাবুয়ে ম্যাচে ২২টি ছক্কা মেরেছিলেন দুই দলের ব্যাটসম্যানরা। ১২১ বলে খেলা ১৬০ রানের ইনিংসে পাকিস্তানের ইমরান নাজির মেরেছিলেন ৮টি ছক্কা। ৪৯.৫ ওভারে ৩৪৯ রানে অলআউট হওয়ার আগে পাকিস্তানের বাকি ব্যাটসম্যানরা মারেন ৮টি ছক্কা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৯৯ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। তবে তাদের ব্যাটসম্যানরা মারেন ৬টি ছক্কা।

এই বিশ্বকাপেই রেকর্ডটি স্পর্শ করেছিল ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ে ম্যাচ। গ্রুপ পর্বের এই ম্যাচে ২২টি ছক্কার ১৯টিই মারেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলস। ১৪৭ বলে ২১৫ রান করার পথে গেইল একাই ১৬টি ছক্কা মারেন। ওয়ানডেতে এক ম্যাচে একক কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ছক্কার রেকর্ডে ভারতের রোহিত শর্মা ও দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে ভাগ বসান গেইল।

ওয়েস্ট ইন্ডিজের করা ৩৭২ রান তাড়া করতে নেমে ২৮৯ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। তাদের ব্যাটসম্যানরা মারেন তিনটি ছক্কা।

নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ১৪৩ রানের বড় ব্যবধানে হেরে গেলেও ছক্কা বেশি মারেন তাদের ব্যাটসম্যানরাই। মোট ৩১টি ছক্কার ১৬টিই মারেন তারা। এর মধ্যে সবচেয়ে বেশি ৮টি ছক্কা মারেন ৩৩ বলে ৬১ রান করা গেইল।

নিউ জিল্যান্ডের মোট ১৫টি ছক্কার মধ্যে ১১টিই মারেন বিশ্বকাপে সর্বোচ্চ ২৩৭ রানের রেকর্ড গড়া গাপটিল।  

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা উপহার দেওয়া ম্যাচটি হয়েছে ২০১৩ সালের নভেম্বরে। বেঙ্গালুরুতে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচটিতে ৩৮টি ছক্কা হয়। এর মধ্যে ভারতের ইনিংসে ছয় হয় ১৯টি। এর মধ্যে রোহিত একাই মারেন ১৬টি। এই ম্যাচে ২০৯ রান করেছিলেন রোহিত।

ভারতের করা ৩৮৩ রান তাড়া করতে নেমে ৩২৬ রানে অলআউট হলেও ভারতের সমান ছক্কা মারে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। গ্লেন ম্যাক্সওয়েল মারেন ৭টি ছক্কা। জেমস ফকনার ও শেন ওয়াটসন ছক্কা মারেন ৬টি করে।

ওয়েস্ট ইন্ডিজ-নিউ জিল্যান্ডের মধ্যে কোয়ার্টার-ফাইনালের ম্যাচটি ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা উপহার দিয়েছে।