২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এপ্রিলেই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

বাংলাদেশ সফরে আসার জন্য পাকিস্তান ক্রিকেট দলকে ‘সবুজ সংকেত’ দিয়েছে দেশটির সরকার। আগামী এপ্রিলে বাংলাদেশ সফরে আসার কথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2015, 05:11 PM

Updated : 25 Apr 2022, 01:09 PM

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও পাকিস্তানের এপ্রিলে বাংলাদেশ সফরে আসার খবর নিশ্চিত করেন। ইএসপিএন ক্রিকইনফোকে শনিবার জালাল ইউনুস বলেন, “এপ্রিলের মাঝামাঝি পাকিস্তানের আসার নিশ্চয়তা পেয়েছি আমরা।”

জালাল ইউনুস আরো জানান, বাংলাদেশ-পাকিস্তানের সিরিজের সময়সূচি এখনও ঠিক করা হয়নি। আগামী তিন-চার দিনের মধ্যে সূচি ঠিক করে ফেলা হবে বলে জানান তিনি।

এ সফরে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও একটি টি-২০ ম্যাচ খেলার কথা রয়েছে পাকিস্তানের।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জানান, সম্ভাব্য ভেন্যু হিসেবে ঢাকা, চট্টগ্রাম ও খুলনার কথা ভাবছেন তারা।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিনিয়র মিডিয়া ম্যানেজার ক্রিকইনফোকে শনিবার জানান, বাংলাদেশে পাকিস্তান বিরোধী মনোভাবের বিষয়টি নিয়ে সম্ভবত সরকারের এখনও উদ্বেগ রয়েছে। তবে তারা রাজনীতিকে ক্রিকেটের বাইরে রাখতে চান। এ কারণেই তারা বাংলাদেশের প্রস্তাব মেনে নিয়েছে।

এর আগে বাংলাদেশ সফরে বিসিবির আয়ের ৫০ শতাংশ দাবি করেছিল পাকিস্তান। দ্বিতীয় শর্ত হিসেবে বাংলাদেশকে তাদের অনূর্ধ্ব-১৯ দল পাকিস্তানে পাঠাতে বলে তারা। কিন্তু বাংলাদেশ সফরে আসতে পাকিস্তানের শর্ত দুটি বিসিবির পরিচালনা পর্ষদ মানবে না বলে জানিয়ে দেন সভাপতি নাজমুল হাসান।

এর প্রতিক্রিয়ায় পিসিবি জানিয়েছিল, ২০১১ সালে বাংলাদেশ সফর করে পাকিস্তান দল; এবার বাংলাদেশের ফিরতি সফরে আসার কথা। ২০১২ সালে একটি লিখিত প্রতিশ্রুতিও দেয় তারা; কিন্তু তা রাখেনি বিসিবি। ফলে এই সফরটা এক হিসেবে পাকিস্তানের ‘হোম সিরিজ’। পাকিস্তানের এই হোম সিরিজের দাবিও মানতে অস্বীকৃতি জানায় বিসিবি।

২০০৯ সালের মার্চে সফররত শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে টেস্ট খেলুড়ে দেশগুলো আর সফর করছে না।

২০১২ সালের এপ্রিল ও ডিসেম্বরে বিসিবি সফর বাতিল করায় ২০১৩ সালের বিপিএলে পাকিস্তানের সব খেলোয়াড়কে প্রত্যাহার করে পিসিবি। পরে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও ক্রিকেটারদের পাঠায়নি তারা।

বিসিবির সঙ্গে পিসিবির সম্পর্ক খুব একটা ভালো নয়। জাকা আশরাফ পিসিবি প্রধান থাকার সময়ে বাংলাদেশের দুটি প্রস্তাবিত সফর বাতিল হওয়ায় দুই বোর্ডের সম্পর্কের অবণতি ঘটে।

তবে অবস্থান পাল্টে এবার বাংলাদেশ সফরে আসার পথেই হাঁটছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে পিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার জানিয়েছে, সফরের সবকিছু চূড়ান্ত করার আগে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে লোক পাঠাবে তারা।

এদিকে ২৮ এপ্রিলে সিটি কর্পোরেশনের নির্বাচন থাকায় নিরাপত্তা নিয়ে একটু চিন্তায় আছে বিসিবি। তবে মিডিয়া কমিটির চেয়ারম্যান আশা প্রকাশ করেন, নির্বাচনের কারণে নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটবে না।

পুরনো খবর:

পাকিস্তানের দাবি উড়িয়ে দিল বিসিবি
বাংলাদেশ সফরে আয়ের অংশের দাবি ছাড়ছে না পিসিবি
পাকিস্তানের শর্ত মানবে না বিসিবি