২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের দাবি উড়িয়ে দিল বিসিবি

বাংলাদেশ সফরকে নিজেদের 'হোম সিরিজ' হিসেবে দাবি করা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বক্তব্য উড়িয়ে দিয়েছে বিসিবি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2015, 05:25 PM

Updated : 25 Apr 2022, 12:58 PM

বাংলাদেশ সফরে বিসিবির আয়ের ৫০ শতাংশ দাবি করেছিল পাকিস্তান। দ্বিতীয় শর্ত হিসেবে বাংলাদেশকে তাদের অনূর্ধ্ব-১৯ দল পাকিস্তানে পাঠাতে বলে তারা। কিন্তু বাংলাদেশ সফরে আসতে পাকিস্তানের শর্ত দুটি বিসিবির পরিচালনা পর্ষদ মানবে না বলে জানিয়ে দেন সভাপতি নাজমুল হাসান।

এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার এক বিবৃতিতে পিসিবি জানায়, ২০১১ সালে বাংলাদেশ সফর করে পাকিস্তান দল। এবার বাংলাদেশের ফিরতি সফরে আসার কথা। ২০১২ সালে একটি লিখিত প্রতিশ্রুতিও দেয় তারা; কিন্তু তা রাখেনি বিসিবি। ফলে এই সফরটা এক হিসেবে পাকিস্তানের ‘হোম সিরিজ’।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী বলেন, “এটা আমাদের ঘরোয়া সিরিজ। এই সফর কার, এ নিয়ে কোনো সংশয় নেই। এর প্রচলন মোটেও নেই।”      

আগামী এপ্রিলে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশে আসার কথা রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট সূচি অনুযায়ী, আগামী ১০ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত এই সফরে তাদের দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলার কথা। অবশ্য এখন পর্যন্ত এই সফরের আসার ব্যাপারে বিসিবিকে নিশ্চয়তা দেয়নি পিসিবি।

বর্তমান পরিস্থিতে বাংলাদেশ সফরে নিরাপত্তা নিয়ে পিসিবি প্রধান শাহরিয়ার খান প্রশ্ন তুলেছেন বলে দেশটির গণমাধ্যমে বলা হয়েছে।

এ বিষয়ে নিজাম উদ্দিন বলেন, “নিরাপত্তা নিয়েও কোনো সংশয় নেই। আমাদের দেশে নিয়মিত খেলা হচ্ছে, প্রথম শ্রেণির ক্রিকেট হচ্ছে। একটি আন্তর্জাতিক সফর যখন হয়, বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয় হয়। সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেই আন্তর্জাতিক সিরিজ হয়।”

বিসিবির সিইও জানান, শিগগির বোর্ডের সঙ্গে আলোচনা করে তারা নিজেদের অবস্থান পরিস্কার করবেন।

“এটা একটা অর্থনৈতিক ব্যাপার ওরা সামনে নিয়ে এসেছে। আমরা যতটুকু পারি বোর্ডে আলোচনা করে পিসিবিকে জানাবো।”

২০০৯ সালের মার্চে সফররত শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে টেস্ট খেলুড়ে দেশগুলোর সফর বন্ধ রয়েছে।

২০১২ সালের এপ্রিল ও ডিসেম্বরে বিসিবি সফর বাতিল করায় ২০১৩ সালের বিপিএলে পাকিস্তানের সব খেলোয়াড়কে প্রত্যাহার করে পিসিবি। পরে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও ক্রিকেটারদের পাঠায়নি তারা।

বিসিবির সঙ্গে পিসিবির সম্পর্ক খুব একটা ভালো নয়। জাকা আশরাফ পিসিবি প্রধান থাকার সময়ে বাংলাদেশের দুটি প্রস্তাবিত সফর বাতিল হওয়ায় দুই বোর্ডের সম্পর্কের অবণতি ঘটে।

বাংলাদেশ সফরে আসতে পাকিস্তানের শর্ত বিসিবির পরিচালনা পর্ষদ মানবে পারবে না বলে সোমবার জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান। আয়ের ভাগ দেয়ার শর্ত বাস্তবসম্মত নয় বলে জানান তিনি।

আর পাকিস্তানের দল পাঠানোর বিষয়েও কোনো নিশ্চয়তা দেননি বোর্ড সভাপতি।

পুরনো খবর:

বাংলাদেশ সফরে আসতে পিসিবির শর্ত
পাকিস্তানের শর্ত মানবে না বিসিবি