২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ সফরে আয়ের অংশের দাবি ছাড়ছে না পিসিবি

বাংলাদেশে পাকিস্তানের আসন্ন সফর থেকে আয়ের অংশের দাবি ছাড়ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। সিরিজটাকে নিজেদের ‘হোম সিরিজ’ দাবি করে এই ভাগ পাওয়াটা ‘ন্যায্য’ বলছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2015, 12:16 AM

Updated : 25 Apr 2022, 12:58 PM

এর আগে বাংলাদেশ সফরে বিসিবির আয়ের ৫০ শতাংশ দাবি করেছিল পাকিস্তান। দ্বিতীয় শর্ত হিসেবে বাংলাদেশকে তাদের অনূর্ধ্ব-১৯ দল পাকিস্তানে পাঠাতে বলে তারা। কিন্তু বাংলাদেশ সফরে আসতে পাকিস্তানের শর্ত দুটি বিসিবির পরিচালনা পর্ষদ মানবে না বলে জানিয়ে দেন সভাপতি নাজমুল হাসান।

এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার এক বিবৃতিতে পিসিবি জানায়, ২০১১ সালে বাংলাদেশ সফর করে পাকিস্তান দল। এবার বাংলাদেশের ফিরতি সফরে আসার কথা। ২০১২ সালে একটি লিখিত প্রতিশ্রুতিও দেয় তারা; কিন্তু তা রাখেনি বিসিবি। ফলে এই সফরটা এক হিসেবে পাকিস্তানের ‘হোম সিরিজ’।

বিবৃতিতে পিসিবি আরো জানায়, প্রতিটি বোর্ড ঘরোয়া সিরিজের লাভ থেকে আয় করে থাকে। আর ‘টেকনিক্যালি’ এটা পাকিস্তানের ঘরোয়া সিরিজ হওয়ায় বিসিবির আয়ের একটি অংশ চাওয়া খুবই ন্যায্য।

আগামী এপ্রিলে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশে আসার কথা রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট সূচি অনুযায়ী, আগামী ১০ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত এই সফরে তাদের দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলার কথা।

অবশ্য এখন পর্যন্ত এই সফরের আসার ব্যাপারে বিসিবিকে নিশ্চয়তা দেয়নি পিসিবি।

২০০৯ সালের মার্চে সফররত শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে টেস্ট খেলুড়ে দেশগুলোর সফর বন্ধ রয়েছে।

২০১২ সালের এপ্রিল ও ডিসেম্বরে বিসিবি সফর বাতিল করায় ২০১৩ সালের বিপিএলে পাকিস্তানের সব খেলোয়াড়কে প্রত্যাহার করে পিসিবি। পরে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও ক্রিকেটারদের পাঠায়নি তারা।

বিসিবির সঙ্গে পিসিবির সম্পর্ক খুব একটা ভালো নয়। জাকা আশরাফ পিসিবি প্রধান থাকার সময়ে বাংলাদেশের দুটি প্রস্তাবিত সফর বাতিল হওয়ায় দুই বোর্ডের সম্পর্কের অবণতি ঘটে।

বাংলাদেশ সফরে আসতে পাকিস্তানের শর্ত বিসিবির পরিচালনা পর্ষদ মানবে পারবে না বলে সোমবার জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান। আয়ের ভাগ দেয়ার শর্ত বাস্তবসম্মত নয় বলে জানান তিনি।

আর পাকিস্তানের দল পাঠানোর বিষয়েও কোনো নিশ্চয়তা দেননি বোর্ড সভাপতি।

পুরনো খবর:

পাকিস্তানের শর্ত মানবে না বিসিবি
বাংলাদেশ সফরে আসতে পিসিবির শর্ত
‘পিসিবির শর্ত বাস্তবসম্মত নয়’