স্ত্রী-বান্ধবীদের কাছে পাচ্ছেন ধোনি-কোহলিরা
বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠার পুরস্কার হিসেবে স্ত্রী এবং বান্ধবীদের সঙ্গে পাচ্ছেন ভারত দলের ক্রিকেটাররা।
সোমবার দেশটির একটি গণমাধ্যম 'জি নিউজ' খবরটি জানায়।
বিশ্বকাপ চলার সময় ক্রিকেটারদের সঙ্গে স্ত্রী ও বান্ধবীদের থাকতে না দেয়ার সিদ্ধান্ত আগেই জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে দল কোয়ার্টার-ফাইনালে উঠলে সিদ্ধান্ত পাল্টানোর ঘোষণাও দিয়েছিল তারা।
আর কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় পুরস্কারটা পেয়েও গেছেন মহেন্দ্র সিং ধোনির দল। উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ানকে যেমন মেলবোর্নে তার স্ত্রীর সঙ্গে শপিং করতে দেখা গেছে।
শিরোপা ধরে রাখার অভিযানে দারুণ ফর্মে আছে ভারত। নিউ জিল্যান্ডের মতো তারাও অপরাজিত থেকেই শেষ আটে উঠেছে। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা।
