২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেই ইংল্যান্ডকে পেয়ে আত্মবিশ্বাসী ইমরুল

ইংল্যান্ডকে বিশ্বকাপে আবার প্রতিপক্ষ হিসেবে পেয়ে ব্যাট হাতে আলো ছড়ানোর ব্যাপারে আশাবাদী ইমরুল কায়েস। ব্রড-মর্গ্যানদের বিপক্ষে খেলার সুযোগ পেলে সামর্থ্যের সেরাটা দিতে চান এনামুল হকের চোটের কারণে বিশ্বকাপ দলে ডাক পাওয়া এই বাঁহাতি ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2015, 09:47 PM

Updated : 12 Oct 2022, 03:23 PM

পুরনো খবর:

বাংলাদেশকে স্পিনে ঘায়েল করার পরামর্শ
সাকিবকেই হুমকি মানছে ইংলিশরা

অ্যাডিলেইড ওভালে সোমবার অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। চেনা প্রতিপক্ষ ইংল্যান্ডের বিপক্ষে খেলার অপেক্ষায় থাকার কথা শনিবার জানান ইমরুল।

“ইংল্যান্ডের সঙ্গে এর আগেও আমি ভালো খেলেছি। তাদের বিপক্ষে যদি আবার সুযোগ পাই, তাহলে সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব।”

“এরপর নিউ জিল্যান্ডের সঙ্গেও খেলা আছে। নিউ জিল্যান্ডের মাঠে এর আগে আমি ভালো খেলেছি। তো আশা করি, যদি সুযোগ পাই, তাহলে কাজে লাগাতে চেষ্টা করব”, যোগ করেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার।

৫৩টি ওয়ানডে খেলা ইমরুল বিশ্বকাপে বেশ সফল। তার ক্যারিয়ার গড় যেখানে ২৬.৭৩ সেখানে ওয়ানডের সেরা টুর্নামেন্টে তার গড় ৩৭.৬০। গত আসরে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে পরপর দুই ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন তিনি।

আর ইংল্যান্ডের বিপক্ষে ইমরুলের ওয়ানডে ব্যাটিং গড় ৩৫.৫৭। এ পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে খেলা ৭ ওয়ানডেতে ২৪৯ রান তুলেছেন তিনি। কোনো শতক না থাকলেও অর্ধশতক আছে তিনটি।

এনামুল হক বিজয়ের চোটের কারণে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া ইমরুল ঘরোয়া লিগে খেলতে খেলতে ডাক পেয়েছেন অস্ট্রেলিয়া রওনা দেয়ার। ভিন্ন কন্ডিশনের সঙ্গে তাই মানিয়ে নেয়ার চ্যালেঞ্জ থাকছে তার জন্য।

ইংল্যান্ডের বিপক্ষে গত বিশ্বকাপে ৬০ রানের ইনিংস খেলা ইমরুল অবশ্য কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার প্রশ্নে আশাবাদী। অ্যাডিলেইডের ম্যাচের আগে নিজেকে ভালোভাবে শানিয়ে নেওয়ার কথাও বলেন ইমরুল।

“আজকে ব্যাটিং করলাম। আমরা এক কন্ডিশনে খেলে এসেছি; এখানে আরেক কন্ডিশন। আমার মনে হয় যে, আরেকটা দিন ব্যাটিংয়ের সময় পাব। মানিয়ে নেয়া যাবে। আমি আশাবাদী।”

“একজন ব্যাটসম্যান হিসেবে আমি মনে করি, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই হবে। সবসময় তো বিশ্বকাপে খেলার সুযোগ আসে না, তাই সবসময় সবাইকে প্রস্তুত থাকতে হয় এবং আমাকেও প্রস্তুত থাকতে হবে”, যোগ করেন তিনি।