বাংলাদেশকে স্পিনে ঘায়েল করার পরামর্শ
বাংলাদেশ বাধা পার হয়ে কোয়ার্টার-ফাইনালের আশা টিকিয়ে রাখতে মরিয়া ইংল্যান্ড। দেশটির সাবেক ফাস্ট বোলার বব উইলিস এরই মধ্যে তাদের পরামর্শ দিয়েছেন, স্টুয়ার্ট ব্রডকে বাদ দিয়ে স্পিনার জেমস ট্রেডওয়েলকে দলে নিতে।
আগামী সোমবার অ্যাডিলেইডের ম্যাচে ইংল্যান্ড দলে আরও একটি পরিবর্তনের পরামর্শ দেন কিংবদন্তি উইলিস; গ্যারি ব্যালান্সকে বাদ দিয়ে তিনি দলে নিতে বলেন অ্যালেক্স হেলসকে।
ইংল্যান্ডের বর্তমান দলটির অন্যতম সেরা সুইং বোলার ব্রড। কিন্তু এই বিশ্বকাপে নিজেকে যেন হারিয়ে খুঁজছেন তিনি। দলের হয়ে চারটি ম্যাচেই খেলেন ব্রড। ২৯.২ ওভার বল করে মাত্র ২ উইকেট নেন ইংল্যান্ডের এই পেসার। ওভার প্রতি ৬.২ রান করে দেন তিনি।
অফস্পিনার ট্রেডওয়েল এই বিশ্বকাপে এখনো কোনো ম্যাচ খেলেননি। তবে সিডনিতে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে দুটি উইকেট নেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ৯ ওভার বল করে নেন একটি উইকেট। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি উইকেট নিতে ৫ ওভার বল করে খরচ করেন ২০ রান।
ব্রডকে বাদ দিয়ে ট্রেডওয়েলকে দলে নিলেও জেমস অ্যান্ডারসন ও ক্রিস ওকসকে ভালো ভূমিকা রাখতে হবে বলে মনে করেন উইলিস।
"ভালো স্পিনার খেলালে ইংল্যান্ডের (বোলিং) আক্রমণ আরও হিসেবি করবে। কিন্তু বেশি বিপজ্জনক হয়ত হবে না, যদি ক্রিস ওকস ও জেমস অ্যান্ডারসন কিছু সুইং খুঁজে না পায়।"
তিন নম্বরে নামা ব্যালান্সকে বাদ দিয়ে কেন হেলসকে নিতে বলেন, তারও ব্যাখ্যা দেন উইলিস
"হেলস যদি ডাক পায়, তাহলে সে সরাসরি ব্যালান্সের জায়গায় তিন নম্বরে ব্যাট করতে পারে। কিন্তু আমি তাকে মইনের (মইন আলি) সঙ্গে ইনিংস উদ্বোধন করার ছাড়পত্র দেব।"
হেলস এ পর্যন্ত বিশ্বকাপে কোনো ম্যাচ খেলেননি। তবে বিশ্বকাপের আগে সিডনিতে দুটি প্রস্তুতি ম্যাচের একটিতে পাকিস্তানের বিপক্ষে ইনিংস উদ্বোধন করতে নেমে ৩১ রান করেন তিনি। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২২ রান তাড়া করতে নেমে ইংল্যান্ড এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়, হেলস ব্যাটই করেননি।
অন্যদিকে ব্যালান্স বিশ্বকাপের ইংল্যান্ডের খেলা চারটি ম্যাচেই ব্যাট করেন। মাত্র ৯ গড়ে ৩৬ রান করেন তিনি।
