সাকিবকেই হুমকি মানছে ইংলিশরা
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে সাকিব আল হাসানকেই সবচেয়ে বড় হুমকি মানছে ইংলিশরা। দেশটির সাবেক ফাস্ট বোলার বব উইলিস ওয়েন মর্গ্যানদের সতর্ক করতে গিয়ে বাংলাদেশের সেরা অলরাউন্ডারের সঙ্গে মাশরাফি বিন মুর্তজার নামটিও বলেন।
আগামী সোমবার অ্যাডিলেইডে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। এই ম্যাচ জিতলেই কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। আর ইংল্যান্ড হারলে ছিটকে পড়বে টুর্নামেন্ট থেকে।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বাংলাদেশের বোলিং শক্তি বিশ্লেষণ করতে গিয়ে উইলিস সাকিব আর মাশরাফির নাম বলেন।
"সাকিব আল হাসান বল হাতে চতুর-সে আসলে শীর্ষ মানের একজন অলরাউন্ডার এবং সম্ভবত বাংলাদেশের একমাত্র খেলোয়াড়, যে কিনা যেকোনো দলেই সুযোগ পেতে পারে।"
স্কটল্যান্ডের বিপক্ষে মাশরাফি ভালো করতে না পারলেও তাকে দেখে মুগ্ধ হয়েছেন উইলিস। এ ছাড়া বাংলাদেশের অন্য কোনো বোলারকে ইংল্যান্ডের জন্য হুমকি বলে মনে হয়নি তার।
আগে ব্যাট করে বাংলাদেশের বিপক্ষে জিততে হলে ইংল্যান্ডকে বড় স্কোর করতে হবে বলে মনে করেন কিংবদন্তি এই বোলার। কারণ, বাংলাদেশের ব্যাটিং শক্তিশালী বলে মনে করেন তিনি।
"তামিম ইকবাল, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম ও সাকিব; বাংলাদেশের খুব দক্ষ ব্যাটসম্যান আছে।"
