দ. আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপ-গেরো ছুটবে ভারতের?
এক দল বর্তমান চ্যাম্পিয়ন, আরেক দল এই আসরের অন্যতম 'ফেভারিট'। ভারত-দক্ষিণ আফ্রিকার লড়াইটা হবে সমানে সমান। তবে এক দিক থেকে বেশ পিছিয়ে আছে ভারত-বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখনো কোনো ম্যাচ জেতেনি তারা। এবার এই গেরো ছোটানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে এশিয়ার ক্রিকেট পরাশক্তিরা।
রোববার অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড ভারত থেকে যেমন দূরের পথ, তেমনি দূর দক্ষিণ আফ্রিকা থেকেই। অতি সম্প্রতি এই মাঠটি দুই দলেরই সমান চেনা। গত মাসেই এই মাঠে ম্যাচ খেলেছে দুটি দলই।
নিরপেক্ষ ভেন্যুতে সমানে সমান দুটি দলের খেলা, রোমাঞ্চকর এক লড়াই দেখার আশা নিয়েই মাঠে যাবে ক্রিকেটপ্রেমীরা, বসবে টিভি সেটের সামনে।
রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের পরিবেশটা নিরপেক্ষ থাকবে না বলেই মনে করেন দক্ষিণ আফ্রিকার বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। অস্ট্রেলিয়ার নানা প্রান্ত থেকে এরই মধ্যে মেলবোর্নে ভীড় করেছে ভারতীয় সমর্থকরা।
অস্ট্রেলিয়া প্রবাসী এই ভারতীয়রা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের পরিবেশটা ভারতের ঘরের মাঠের মতো করে দেবেন বলে মনে করেন সাবেক পেসার ডোনাল্ড। আর এ থেকে একটু ভয়ও পাচ্ছেন তিনি।
ভারত আরও একটা দিক থেকে দক্ষিণ আফ্রিকার চেয়ে এগিয়ে আছে বলে মনে করেন অনেকে। ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং; সব দিক থেকে এগিয়ে থেকে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে ভারত। আর তুলনামূলক দুর্বল দল জিম্বাবুয়ের সঙ্গে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল দক্ষিণ আফ্রিকা, এমনকি জিম্বাবুয়ে তাদের ব্যাটিংয়েও ভুগিয়েছিল। শেষাবধি অবশ্য বড় জয়ই পায় টুর্নামেন্টের অন্যতম ফেভারিটরা।
ভারতের সমর্থকের উপস্থিতি বেশি থাকা বা প্রথম ম্যাচের ফল, এসব নিয়ে অবশ্য মোটেই চিন্তিত নন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ওয়ানডে ক্রিকেটে দ্রুততম অর্ধশতক ও শতকের মালিক ডি ভিলিয়ার্সের বরং দর্শক ভর্তি গ্যালারিতে খেলতে ভালোই লাগবে।
"স্টেডিয়াম পূর্ণ হতে যাচ্ছে শুনে আমি খুব খুশি। এখানে আমার খেলা গত কয়েকটি ম্যাচে ভরা-গ্যালারি ছিল না।"
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয়ের আগে সময়টা মোটেই ভালো কাটেনি ভারতের। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ায় খেলা ত্রিদেশীয় সিরিজে তারা একটিও জয় পায়নি। সবশেষ খেলা ৫ ম্যাচের তিনটিতেই হারে তারা। আর দক্ষিণ আফ্রিকা নিজেদের সবশেষ ৫ ম্যাচের চারটিতেই জিতেছে।
এই পরিসংখ্যানের দিকে না তাকিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাফল্য পাওয়ার জন্য প্রয়োজনীয় আত্মবিশ্বাস সঞ্চয় করে নিতে চান পাকিস্তানের বিপক্ষে শতক করা ভারতের ব্যাটসম্যান বিরাট কোহলি।
"দক্ষিণ আফ্রিকা বিশ্বের শীর্ষ দলগুলোর একটি। তাদের ব্যাটিং ও বোলিংয়ে ভালো ভারসাম্য আছে এবং আন্তর্জাতিক ক্রিকেটে তাদের ফিল্ডিং মানদণ্ড ঠিক করে দিয়েছে। আগামীকাল (রোববার) এই বাধা পেরোতে হলে আমাদের জন্য প্রচুর আত্মবিশ্বাস সঞ্চয় করতে হবে।"
