ইংল্যান্ড ম্যাচে ম্যাককালামের যত রেকর্ড
ইংল্যান্ডের বিপক্ষে বড় জয়ে বিশ্বকাপে দ্রুততম অর্ধশতকের সঙ্গে আরও কিছু রেকর্ড গড়েছেন নিউ জিল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম।
শুক্রবার ওয়েলিংটনের ওয়েস্ট প্যাক স্টেডিয়ামে ১৮ বলে অর্ধশতক করা ম্যাককালাম ২৫ বলে ৭৭ রান করে আউট হন। এই ইনিংসটি খেলার পথে বিশ্বকাপের দারুণ কিছু রেকর্ড নিজের করে নেন নিউ জিল্যান্ডের অধিনায়ক।
৮টি চার ও ৭টি ছয় সমৃদ্ধ ম্যাককালামের ইনিংসটিতে বাউন্ডারি থেকে আসে ৭৪ রান। তার মোট রানের ৯৬.১ শতাংশ আসে বাউন্ডারি থেকে, যা বিশ্বকাপে কমপক্ষে ৫০ রান করাদের মধ্যে সর্বোচ্চ।
বিশ্বকাপে রান তাড়া করতে নামা দলের কোনো ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ ৭টি ছয় মারার রেকর্ডটিও এখন ম্যাককালামের।
নিউ জিল্যান্ডের অধিনায়কের এই ইনিংসটির স্ট্রাইক রেট ৩০৮। বিশ্বকাপের ইতিহাসে কমপক্ষে ৫০ রান পেরোনো ইনিংস খেলা ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট এটাই।
