বিশ্বকাপে ইনিংসে সর্বোচ্চ উইকেটের রেকর্ড ছুঁলেন সাউদি
ইংল্যান্ডের সাত উইকেট নিয়ে বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ উইকেটের রেকর্ড ছুঁলেন নিউ জিল্যান্ডের পেসার টিম সাউদি।
বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ ৭টি করে উইকেট পেয়েছেন আরো তিন বোলার।
শুক্রবার ওয়েলিংটনের ওয়েস্ট প্যাক স্টেডিয়ামে ইংল্যান্ডের ৭ ব্যাটসম্যানকে আউট করতে ৩৩ রান খরচ করেন সাউদি। বিশ্বকাপে ইনিংসে তৃতীয় সেরা বোলিং ফিগার এটি।
উইকেটের সঙ্গে রান দেওয়ার বিবেচনায় ইনিংস সেরা বোলিংয়ে সাউদির আগে আছেন অস্ট্রেলিয়ার দুই পেসার গ্লেন ম্যাকগ্রা আর অ্যান্ডি বিকেল।
২০০৩ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে নামিবিয়ার ৭ উইকেট নিতে ম্যাকগ্রা খরচ করেছিলেন মাত্র ১৫ রান। একই বিশ্বকাপে পোর্ট এলিজাবেথে ইংল্যান্ডের বিপক্ষে বিকেল ৭ উইকেট নিয়েছিলেন ২০ রানে।
বিশ্বকাপে এক ম্যাচে ৭ উইকেট পাওয়ার অন্য নজিরটি ওয়েস্ট ইন্ডিজের উইনস্টন ডেভিসের। ১৯৮৩ বিশ্বকাপে লিডসে অস্ট্রেলিয়ার ৭ উইকেট নিয়েছিলেন এই পেসার। ৬০ ওভারের সেই ওয়ানডের যুগে ১০.৩ ওভার বল করে ৫১ রান দিয়েছিলেন তিনি।
