ইংল্যান্ডকে গুড়িয়ে ম্যাককালামের উচ্ছ্বাস
ইংল্যান্ডকে গুড়িয়ে দেয়ার উচ্ছ্বাসে ভাসছেন নিউ জিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। বিধ্বংসী বোলিংয়ের পর বিস্ফোরক ব্যাটিংয়ের নির্দশন দেখিয়ে বিশ্বকাপে টানা তৃতীয় জয়ের আনন্দে ড্রেসিংরুমে বিয়ার উৎসব করার কথাও বলেন এই মারকুটে ব্যাটসম্যান।
ওয়েলিংটনের ওয়েস্ট প্যাকে শুক্রবার টিম সাউদির বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১২৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। সাউদি একাই সাত উইকেট শিকার করেন। আর ৮ চার ও ৭ ছক্কায় ৭৭ রানের ব্যাটিং ঝড় তুলে নিউ জিল্যান্ডের ৮ উইকেটের জয়ে বড় ভূমিকা রাখেন ম্যাককালাম।
ইংল্যান্ডের দেয়া ১২৪ রানের লক্ষ্য মাত্র ১২ ওভার ২ বলেই পূরণ করে স্বাগতিক নিউ জিল্যান্ড। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে পাওয়া দাপুটে জয়ের প্রতিক্রিয়ায় কিউই অধিনায়ক এক বাক্যে বলেন, “এটা ছিল অবিশ্বাস্য।”
শুরুতে ব্যাটিংয়ের ইচ্ছা থাকলেও টসে হারায় সে ইচ্ছা পূরণ হয়নি ম্যাককালামের। ম্যাচ শেষে এ নিয়ে অবশ্য কোনো খেদ নেই তার। বরং সাউদি-ট্রেন্ট বোল্টরা যেভাবে গতি আর সুইং দিয়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপকে তছনছ করে দিয়েছেন, তার প্রশংসা মাতেন কিউই অধিনায়ক।
ওয়েস্ট প্যাকে দলের পাশে থাকা কিউই সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি ম্যাককালাম, “আমাদের পারফরম্যান্স ছিল বিশ্বমানের এবং দর্শকও ছিল চমৎকার।”
টানা তিন জয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে অনেকটাই এগিয়ে গেল নিউ জিল্যান্ড। এই এগিয়ে যাওয়াটা কিভাবে উদযাপন করবেন, সেটাও জানান ম্যাককালাম, “ড্রেসিংরুমে বিয়ার উৎসব হবে।”
অবশ্য টানা দুই ম্যাচ হেরে গ্রুপ পর্বে কোণঠাসা হয়ে যাওয়া ইংল্যান্ডের প্রতিও সমবেদনা জানাতে ভোলেননি ম্যাককালাম, “আমার আশা, ইংল্যান্ড ঘুরে দাঁড়াবে।”
