২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যানবেরায় সমর্থনে এগিয়ে বাংলাদেশ

ক্যানবেরার মানুকা ওভালের দর্শক ধারণ ক্ষমতা মোটে ১৩ হাজার ৫০০! বুধবার সেখানে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। প্রতিপক্ষ বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো খেলতে আসা আফগানিস্তান। শুধু দল হিসাবে না, দর্শক-সমর্থক বিবেচনাতেও বুধবারের ম্যাচে এগিয়ে থাকবে বাংলাদেশ!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলুল বারী, ক্যানবেরা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2015, 11:02 PM

Updated : 25 Apr 2022, 01:01 PM

এমনিতে ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশির সংখ্যা ৫ হাজারের বেশি হবে না। কিন্তু এরমাঝে বিক্রি হয়ে গেছে খেলার সব টিকেট। যারা কিনেছে তাদের সিংহভাগ বাংলাদেশি। ম্যানুকা ওভালের শুধু বাংলাদেশ গ্যালারি না, আফগানিস্তান গ্যালারি ছাড়াও ক্যাটাগরি-১, ক্যাটাগরি-২ এর টিকেটও কিনে নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা! এমনিতে দর্শক হবে না এমন ধারণা থেকে অস্ট্রেলিয়ার প্রধান ক্রিকেট ভেন্যু এসসিজি, এমসিজি এসবে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করা হয় না। কারণ এসব ভেন্যু খুবই ব্যয়বহুল। বাংলাদেশ দল অস্ট্রেলিয়া সফরে এলে খেলার আয়োজন করা হয় ডারউইনের মতো ছোট ছোট ভেন্যুতে। কিন্তু এবার ক্যানবেরার অভিজ্ঞতায় অস্ট্রেলিয়ানদের মনোভাব পাল্টাতে পারে।

বাংলাদেশ দলের খেলা উপলক্ষে ক্যানবেরার লোক থাকুক না থাকুক, প্রতিবেশী সিডনিসহ নানা শহরে সৃষ্টি হয়েছে বিশেষ এক উন্মাদনা! এরমাঝে সিডনিতে বিক্রি অথবা বিলি হয়েছে বাংলাদেশ দলের কয়েক হাজার জার্সি আর দেশের লাল-সবুজ পতাকা। খেলা দেখতে সিডনি থেকে অনেক পরিবার মঙ্গলবারই চলে এসেছেন ক্যানবেরায়। এরা রাজধানী শহরটির নানান হোটেল অথবা পরিচিতজনের বাসাবাড়িতে উঠেছেন। দল বেঁধে সিডনি থেকে আসতে অনেকে ভাড়া করেছেন বাস। বাসেই সকালের নাস্তা, দুপুর-রাতের খাবারের আয়োজন থাকছে!

বুধবার সকালে সবচেয়ে আকর্ষণীয় যাত্রা শুরু হবে সিডনির রোজল্যান্ড থেকে! সেখান থেকে একসঙ্গে যাত্রা শুরু করবে শতাধিক গাড়ি বহর! বাংলাদেশের জাতীয় পতাকা উড়বে সব গাড়িতে! এমন আয়োজন-ক্রিকেট উন্মাদনা দেখে বিস্মিত খোদ আইসিসি! ক্রিকইনফোতে বলা হয়েছে, সিডনি প্রবাসী বাংলাদেশিদের গাড়ির বহর নিয়ে ক্যানবেরা যাত্রার ঘটনাকে স্মরণীয় করে রাখতে বহরের ভিডিও ফুটেজ দেওয়া করা হবে আইসিসির অফিসিয়েল ওয়েবসাইটে!

মঙ্গলবার রাতে ক্যানবেরায় গুড়ি-গুড়ি বৃষ্টি শঙ্কা ধরিয়েছে অনেকের মনে। তবে আবহাওয়ার পূর্বাভাসে দিনের বিভিন্ন সময়ে বৃষ্টির সম্ভাবনা ২০-৩০ ভাগ। গত ক'দিন থেকে প্রচণ্ড গরম আবহাওয়া অস্ট্রেলিয়ায়। সাগরে একটি ঝড় তৈরি হচ্ছে। সেই ঝড়বৃষ্টি ধুয়েমুছে দিতে পারে বিশ্বকাপের অনেক ম্যাচ।

বুধবার ম্যানুকা ওভালের মাঠে আফগানিস্তানের দর্শক কেমন হবে? ক্যানবেরাবাসী এক আফগান ট্যাক্সি-চালককে জিজ্ঞেস করতে বললেন, ক্রিকেট তারা বোঝেন না। ক্যানবেরায় বা অস্ট্রেলিয়ায় আফগান অভিবাসীর সংখ্যা সম্পর্কেও ইনি ধারণা দিতে পারেননি। উল্লেখ্য অস্ট্রেলিয়ার আফগানদের বেশিরভাগ শরণার্থী হিসাবে এদেশে এসেছেন। আর প্রশান্তপাড়ের দেশটায় বাংলাদেশি জনগোষ্ঠী মূলত ছাত্র-ভিত্তিক। এদেশে পড়াশুনা করতে এসে অভিবাসী হয়ে থিতু হয়েছেন। সে কারণে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের বেশিরভাগ বয়সে তরুণ। দেশকে ভালোবেসে তারা যাবেন খেলার মাঠে। নিশান, রুবাই, রিজু এমন অনেককে মঙ্গলবার খেলা নিয়ে জিজ্ঞেস করায় বুকে হাত রেখে বলেছেন, বাংলাদশ জিতবে। কেন এমন আত্মবিশ্বাস? কোন ক্রিকেট-ব্যকরণ ছাড়াই জবাব ছিল, মন বলছে যে।