২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সতীর্থদের কাছ থেকে সেরাটা চান মাশরাফি

খেলোয়াড়দের মধ্যে কোনো দ্বিধা থাকলে ঝেড়ে ফেলতে বলেছেন মাশরাফি বিন মুর্তজা। আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের অধিনায়ক সতীর্থদের কাছ থেকে সেরাটা দাবি করছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2015, 03:10 PM

Updated : 25 Apr 2022, 01:01 PM

এই ম্যাচে তাদের লক্ষ্য সবারই জানা। আর তিনি চান, সতীর্থরা সবাই যেন সেরাটা দেয়।

“সবার কাছ থেকেই সেরাটা চাই। শুধু যারা খেলবে তারাই নয়, স্কোয়াডের কারোর মধ্যে যেন কোনো দ্বিধা না থাকে। তাহলে বেশ কয়েকজন পারফর্ম করবে আর আমাদের সেরাটা বের করে নিয়ে আসতে পারব।”

অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে পেসারদের কাছ থেকে একটু বেশিই চান মাশরাফি। রুবেল হোসেন, আল-আমিন হোসেন ও তাসকিন আহমেদের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই দেশসেরা এই পেসারের।

“আমাদের বেশ কয়েকজন ভালো পেসার রয়েছে। ওরা এখনো তরুণ ও সম্ভাবনাময়।”

দেশের মাটিতে স্পিনাররাই সবসময় বাংলাদেশের বোলিং আক্রমণের নেতৃত্বে থাকেন। অস্ট্রেলিয়ায় এই দায়িত্ব থাকবে পেসারদের কাঁধে।

সাকিব আল হাসানের সঙ্গে স্পিন আক্রমণে আছেন আরাফাত সানি ও তাইজুল ইসলাম। মাশরাফির বিশ্বাস, যে কোনো উইকেটে ভালো বল করার সামর্থ্য তার দলের স্পিনারদের রয়েছে।

“দেশে উইকেট স্পিনারদের সহায়তা করে। সেখানে আমরা ওদের ওপর নির্ভর করি। আমাদের স্পিনাররা বিশ্বমানের। ওরা যেকোনো উইকেটে ভালো বল করতে পারে।”

পুরনো খবর:

পরিসংখ্যানে বাংলাদেশ-আফগানিস্তান