পরিসংখ্যানে বাংলাদেশ-আফগানিস্তান
শক্তি ও অভিজ্ঞতার নিরিখে আফগানিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। তবে দুই দলের মধ্যে একমাত্র ওয়ানডেতে জিতেছিল আফগানিস্তান। এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বুধবার ক্যানবেরায় মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। তাই মোহাম্মদ নবির দলকে হাল্কাভাবে নেয়ার সুযোগ নেই মাশরাফিদের সামনে।
এই ম্যাচের আগে জেনে নেয়া যাক দল দুটির আরও কিছু পরিসংখ্যান:
বিশ্বকাপে এবারই প্রথম ম্যাচ খেলতে নামছে আফগানিস্তান। বাংলাদেশ এ পর্যন্ত বিশ্বকাপে ২৫টি ম্যাচ খেলেছে। বিশ্বকাপে ৮ জয়ের বিপরীতে তাদের হার ১৭টি।
অস্ট্রেলিয়ার কেয়ার্ন্স ও ডারউইন ছাড়া আর কোথাও খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশের।
আইসিসিরি পূর্ণ সদস্য দেশের বিপক্ষে মাত্র ১০টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা রয়েছে আফগানিস্তানের।
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে সাফল্য-ব্যর্থতার হিসেবে অবশ্য এগিয়ে আফগানিস্তান। ভারতের কাছে হারলেও দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৪ রানের জয় পায় তারা। অন্যদিকে পাকিস্তানের কাছে হারের পর আয়ারল্যান্ডের কাছেও হার মানে বাংলাদেশ।
চারটি বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা নিয়ে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের আসর শুরু করবে বাংলাদেশ। অন্যদিকে এবারই প্রথম বিশ্ব মঞ্চে খেলবে আফগানিস্তান।
গত বছর মার্চে এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৩২ রানের জয়টি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে আফগানিস্তানের প্রথম।
বাংলাদেশের সাকিব আল হাসান ও তামিম ইকবাল দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে। আর ২৩ রান হলে সাকিবের ও ২৯ রান করলে তামিমের চার হাজার ওয়ানডে রান পূর্ণ হবে।
২০১৪ সালের শুরু থেকে টেস্ট খেলুড়ে দেশের মধ্যে ম্যাচে ন্যূনতম ২০০ বল করা বোলারদের মধ্যে সবচেয়ে বেশি (৬৪.৩ শতাংশ) ‘ডটবল’ দিয়েছেন সাকিব আল হাসান।
২০১৩ সালের শুরু থেকে এ পর্যন্ত খেলা ১০ ওয়ানডেতে আফগানিস্তানের হামিদ হাসান ১৫.৭ গড়ে ২২ উইকেট নেন।
| বাংলাদেশ | আফগানিস্তান |
ম্যাচ | ২৯৪ | ৪৫ |
জয় | ৮৫ | ২৪ |
হার | ২০৫ | ২১ |
টাই | ০ | ০ |
পরিত্যক্ত | ৪ | ০ |
জয় % | ২৯.৩ | ৫৩.৩ |
