২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ: আত্মবিশ্বাসের জ্বালানিতে কত দূর?

অর্ধেক গ্লাস শূন্য নাকি অর্ধেক গ্লাস পূর্ণ? বাংলাদেশ দলের ফর্ম ও আত্মবিশ্বাসকে ওই প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করালে ধন্ধে পড়ে যেতে হয়। বিশ্বকাপের আবহে গত বছরটা যে একেবারেই বিপরীতমুখী অবস্থায় কেটেছে তাদের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2015, 09:10 PM

Updated : 25 Apr 2022, 12:59 PM

জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজ বাদ দিলে ২০১৪ সালে যতগুলো ওয়ানডে খেলেছে বাংলাদেশ, জেতেনি একটিতেও। হারতে হয়েছে এমনকি আফগানিস্তানের মতো ক্রিকেট-শিশুর কাছেও! গ্রহণকালের সেই পর্বে কতভাবেই না হেরেছে তারা! পাকিস্তানের বিপক্ষে ৩২৬ রান করেও, ৬৭ রানে শ্রীলঙ্কার আট উইকেট ফেলে দিয়েও, ভারতকে ১০৫ রানে অলআউট করেও। প্রতিবারই কিভাবে কিভাবে যেন ঠিক হেরে গেছে বাংলাদেশ।

তবে বিশ্বকাপের ঠিক আগে আগে জিম্বাবুয়েকে টেস্ট ও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে আত্মবিশ্বাসের জ্বালানি নিয়ে বিশ্বকাপে গেছে বাংলাদেশ।

বিশ্বকাপে আগে আগে পরিবর্তন এসেছে বাংলাদেশের থিঙ্ক ট্যাঙ্কে। কোচ হিসেবে শেন জার্গেনসন চলে যাওয়ায় তার জায়গায় এসেছেন চন্ডিকা হাথুরুসিংহে। আর ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মুশফিকুর রহিমকে। তার উত্তরসূরি মাশরাফি বিন মুর্তজা। ঘরের মাঠের গত বিশ্বকাপে চোটের কারণে ছিটকে যাওয়ায় যিনি ভেসেছিলেন কান্নায়। বিষাদে ডুবিয়েছিলেন পুরো দেশকে। এবার অধিনায়ক হয়েই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৫-০ ব্যবধানের জয়ে নেতৃত্ব দেওয়া- অধিনায়ক মাশরাফি নিঃসন্দেহে নিয়ে এসেছেন সৌভাগ্যের পরশ।

এমনিতে সামর্থ্য বিবেচনায় বাংলাদেশ দল কিন্তু হেলাফেলার নয় মোটেও। তিন ফরম্যাটের ক্রিকেটে আইসিসি র‌্যাঙ্কিংয়ে বিশ্বসেরা অলরাউন্ডার এখন সাকিব আল হাসান। দলের মতো তার নিজের অবস্থাও গত বছর ছিল ঝঞ্ঝাবিক্ষুব্ধ। ক্যামেরার সামনে অশ্লীল অঙ্গভঙ্গি করে নিষিদ্ধ হয়েছিলেন তিন ম্যাচের জন্য। বেপরোয়া সাকিব শোধরাননি তাতেও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুমোদন না নিয়ে ক্যারিবিয়ান ক্রিকেট লিগ খেলতে যাওয়ায় পরে ছয় মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয় তাকে। পরে অবশ্য সেই নিষেধাজ্ঞার মেয়াদকাল কমে আসে। আর জাতীয় দলে সাকিব ফেরেন বিধ্বংসী রূপে। অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ খেলতে গিয়ে বিশ্বকাপের জন্য নিজেকে আরো ঝালিয়ে নিয়েছেন এই অলরাউন্ডার।

ওয়ানডে অধিনায়কত্ব হারালেও মুশফিকুর রহিম এখনো দলের অন্যতম সেরা ব্যাটসম্যান। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজে ম্যান অব দ্য সিরিজ হয়ে যার প্রমাণ দিয়েছেন। আগের দুই বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের মঞ্চে নিজেকে প্রকাশ করায় সাহায্য করবে নিঃসন্দেহে। ২০০৭ ও ২০১১ বিশ্বকাপে ছিলেন তামিম ইকবালও। ভারতের বিপক্ষে ওই অর্ধশতকেই তো ক্রিকেটবিশ্বের সামনে নিজের আগমনী বার্তা ঘোষণা করেছিলেন তিনি।

ব্যাটিং বিভাগে মুশফিক-সাকিব-তামিমের অভিজ্ঞতা ছাড়াও রয়েছে এনামুল হক, মমিনুল হক, সাব্বির রহমানদের তারুণ্য। পেস বোলিংয়ে মাশরাফির সঙ্গী হিসেবে আছেন রুবেল হোসেন, আল-আমিন হোসেন ও তাসকিন আহমেদ। এর মধ্যে বিশেষত শেষ জনকে নিয়ে বাজি ধরার লোক অনেক। অভিষেক ওয়ানডেতে ভারতের বিপক্ষে পাঁচ উইকেট নেওয়া তরুণ তাসকিন বিশ্বকাপে আলো ছড়াতে পারবেন বলে বিশ্বাস অনেকের। স্পিন বোলিংয়ের নেতৃত্ব যথারীতি সাকিবের কাঁধে। সঙ্গী তাঁর আরো দুই বাঁহাতি স্পিনার আরাফাত সানি ও তাইজুল ইসলাম। প্রথমজনের ঘরোয়া ক্রিকেটে খেলার অভিজ্ঞতা দীর্ঘদিনের হলেও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক গত বছর। আর তাইজুল তো এক ওয়ানডে খেলেই যাচ্ছেন বিশ্বকাপে। জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচে ওয়ানডে অভিষেকের প্রথম ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিকের কীর্তি অস্ট্রেলিয়ার টিকেট পাইয়ে দিয়েছে এই বাঁহাতি স্পিনারকে।

এই দল নিয়ে অন্তত কোয়ার্টার-ফাইনালে ওঠার আশাবাদ জানিয়ে গেছেন কোচ-অধিনায়ক। তবে সে কাজটি সহজ হবে না মোটেও। দুই স্বাগতিক অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের সঙ্গে অন্য দুই পরাশক্তি শ্রীলঙ্কা-ইংল্যান্ড তাদের গ্রুপসঙ্গী। অচেনা উইকেট-কন্ডিশনে এদের কাউকে হারানোটা মাশরাফিদের জন্য বড্ড কঠিন। আইসিসির দুই সহযোগী সদস্য আফগানিস্তান ও স্কটল্যান্ডকে হারাতে না পারলে অবশ্য কোনো অজুহাত ধোপে টিকবে না।

সেই ১৯৭৯ সালের দ্বিতীয় আসর থেকে বিশ্বকাপে খেলার চেষ্টা করেছে বাংলাদেশ। আইসিসি ট্রফি পেরিয়ে বিশ্বকাপের টিকেট পেয়েছে অবশেষে ১৯৯৯ সালে। এরপর টেস্ট মর্যাদা পেয়ে যাওয়ায় সরাসরিই খেলছে বিশ্বসেরা এই টুর্নামেন্টে। সেখানে বাংলাদেশের অভিজ্ঞতা অম্ল-মধুর। ’৯৯ সালে প্রথম অংশগ্রহণে স্কটল্যান্ডকেই হারায়নি কেবল, প্রতাপশালী পাকিস্তানকেও হারিয়েছিল আমিনুল ইসলামের দল। চার বছর পরের বিশ্বকাপে জিততে পারেনি আবার কোনো ম্যাচ। খালেদ মাসুদের দল হেরেছে এমনকি কেনিয়া-কানাডার কাছে পর্যন্ত! উত্থান-পতনের ধারাবাহিকতা মেনে ২০০৭ বিশ্বকাপে আবার উত্থানপর্ব। প্রথম ম্যাচেই ভারত-বধ, সুপার এইটে দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে পরের বিশ্বকাপে তাই বাংলাদেশকে নিয়ে আশার বেলুন উড়ছিল অনেক উপরে। আয়ারল্যান্ড-নেদারল্যান্ডসের বিপক্ষে প্রত্যাশিত জয়ের পাশাপাশি ইংল্যান্ডকে হারানো- খোলা চোখে রেকর্ড মন্দ না। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৮ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৮ রানে অলআউট হয়ে যে ম্লান হয়ে যায় বিশ্বকাপের বাকি সব পারফরম্যান্স!

বিশ্বকাপের আবহে এবারো অমন ভয়ঙ্কর কিছুর আশঙ্কা ছিল বাংলাদেশের। সেই অবস্থা বদলে যায় জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার পর। ফর্ম ও আত্মবিশ্বাসের শূন্য গ্লাস তাতে অর্ধেক পূর্ণ হয়েছে বৈকি!

বিশ্বকাপ কাঁপানোর জন্য সেটিই কি যথেষ্ট হবে বাংলাদেশের!

বিশ্বকাপ রেকর্ড

১৯৯৯: গ্রুপ পর্ব

২০০৩: গ্রুপ পর্ব

২০০৭: সুপার এইট

২০১১: গ্রুপ পর্ব

দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, সৌম্য সরকার, মমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদ উল্লাহ, নাসির হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, রুবেল হোসেন, আরাফাত সানি ও তাইজুল ইসলাম।

বিশ্বকাপ সূচি:

তারিখ

প্রতিপক্ষ

ভেন্যু

১৮ ফেব্রুয়ারি

আফগানিস্তান

ক্যানবেরা

২১ ফেব্রুয়ারি

অস্ট্রেলিয়া

ব্রিসবেন

২৬ ফেব্রুয়ারি

শ্রীলঙ্কা

মেলবোর্ন

৫ মার্চ

স্কটল্যান্ড

নেলসন

৯ মার্চ

ইংল্যান্ড

অ্যাডিলেইড

১৩ মার্চ

নিউজিল্যান্ড

হ্যামিল্টন