২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আয়ারল্যান্ড: ‘দৈত্য’ বধের অপেক্ষায়

২০০৭ বিশ্বকাপে তাদের শিকার পাকিস্তান; ২০১১ আসরে ইংল্যান্ড- এবারের বিশ্বকাপে কোন পরাশক্তি পদানত হবে আয়ারল্যান্ডের সামনে? ভারত না পাকিস্তান? দক্ষিণ আফ্রিকা না ওয়েস্ট ইন্ডিজ?

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 11:20 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

পরাশক্তির প্রতিবেশী হিসেবে ক্রিকেটটা আইরিশদের কাছে নতুন না। তাদের অনেক ক্রিকেটারই খেলেন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে। তাতে ব্যক্তিগত নৈপুণ্যের ঝলক হয়তো থাকে, কিন্তু দল হিসেবে আয়ারল্যান্ড সমীহ করার জায়গায় যাচ্ছিল না কিছুতেই। প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে নিতেই তাই ২০০৭ পর্যন্ত করতে হয় অপেক্ষা।

সেই অপেক্ষার অবসান হয় যখন, আয়ারল্যান্ড চোখ ধাঁধিয়ে দেয় ক্রিকেট বিশ্বের। ২০০৭ বিশ্বকাপে অভিষেকেই তারা বিদায়ঘণ্টা বাজায় পাকিস্তানের। টুর্নামেন্টের অন্যতম ফেভারিটদের বিপক্ষে জিতেই ক্ষান্ত হয়নি তারা, সুপার এইটে উঠে তারা হারায় প্রতিযোগিতার আরেক চমক দেখানো দল বাংলাদেশকে।

আইরিশরা এই চমকের ধারা অব্যাহত ২০১১ বিশ্বকাপেও। কেভিন ও’ব্রায়ানের অবিশ্বাস্য সেঞ্চুরিতে অকল্পনীয় জয় পায় তারা ইংল্যান্ডের বিপক্ষে। প্রতিবেশীদের তোলা ৩২৭ রানের জবাবে ১১১ রানে পঞ্চম উইকেট হারায় আয়ারল্যান্ড। এরপর কেভিন ও’ব্রায়ান খেললেন বিশ্বকাপ ইতিহাসের সেরা ইনিংসগুলোর একটি। তার ৬৩ বলে ১১৩ রানে ঠিকই ইংল্যান্ডকে হারিয়ে দেয় আয়ারল্যান্ড।

দৈত্য বধের ইতিহাস যখন তাদের নতুন না, ২০১৫ বিশ্বকাপে তাই এর পুনরাবৃত্তির সম্ভাবনা তো থাকছেই!

তবে সে পথে বাধা পারে আইরিশদের অনভিজ্ঞতা। বিশেষত বোলিং আক্রমণটা একেবারেই নতুন। ২০১৩ সালের শেষ দিকে ট্রেন্ট জনস্টনের অবসর এবং বয়েড র‌্যাঙ্কিনের ইংল্যান্ডের জার্সি গায়ে চড়ানো বড় শূন্যতা রেখে গেছে। আরেক পেসার টিম মারটাগের চোটজনিত অনুপস্থিতি পরিস্থিতি আরেকটু ঘোলাটেই করেছে কেবল। যদিও এদের ছাড়াই দুবাইয়ে আইসিসি সহযোগী সদস্যদের ত্রিদেশীয় টুর্নামেন্ট জিতে সামর্থ্যের প্রমাণ দিয়েছে আয়ারল্যান্ড।

পেস বোলিংয়ে বড় বড় সব নাম ঝরে পড়লেও ভরসার জায়গা সেটিই। বিশেষত নিউ জিল্যান্ডের সিমিং কন্ডিশনে আইরিশ বোলাররা অস্বস্তিতে ফেলতে পারে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের। আয়ারল্যান্ডের দুর্ভাগ্য, গ্রুপ পর্বের কেবল দুটিই ম্যাচই কেবল হবে সেখানে। এর একটিও আবার ভারতের বিপক্ষে। ১৬ ফেব্রুয়ারি নেলসনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বৈরথ দিয়ে শুরু তাদের বিশ্বকাপ অভিযান। অঘটনের জন্য সেই খেলাটিকেই তাই নিশ্চিতভাবে ‘টার্গেট’ করেছে আয়ারল্যান্ড। তবে সেটি না হলেও সংযুক্ত আরব আমিরাত ও জিম্বাবুয়ে তো রয়েছে গ্রুপে। জয়শূন্য অবস্থায় তাই তাদের বিশ্বকাপ শেষ করার আশঙ্কা কম।

বোলিং আক্রমণ অনভিজ্ঞ হলেও আয়ারল্যান্ডের ব্যাটিং লাইনআপে অবশ্য অভিজ্ঞতা কম নেই। রয়েছেন আগে ইংল্যান্ডের জার্সি গায়ে চাপানো এড জয়েস। ২০১২ সালের শুরু থেকে আয়ারল্যান্ডের জার্সিতে যার ওয়ানডে গড় ৪৪.৩৮। পাকিস্তানের মতো দলের বিপক্ষে রয়েছে তার সেঞ্চুরি। আর জয়েস বিশ্বকাপে যাচ্ছে তুখোড় ফর্মে থেকে। ২০১৪ কাউন্টি চ্যাম্পিয়নশিপে ১৩৯৮ রান তিনি করেছেন ৬৬.৫৭ গড়ে। সঙ্গে সাত-সাতটি সেঞ্চুরির পরিসংখ্যান বলে দেয়, বড় ইনিংস খেলতে বরাবর স্বাচ্ছন্দ্য তিনি। আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান উইলিয়াম পোর্টারফিল্ডের কাউন্টি মৌসুমটাও গিয়েছে দুর্দান্ত। আর কেভিন ও’ব্রায়ান, নিল ও’ব্রায়ান তো রয়েছেনই। স্পিন বিভাগের নেতৃত্ব থাকবে জর্জ ডকরেলের কাঁধে। এই বাঁহাতি স্পিনারের বয়স মোটে ২২ হলে কী হবে, এরই মধ্যে খেলেছেন ৪২ ওয়ানডে। সমারসেটে তার পূর্ণ তিন মৌসুম খেলার অভিজ্ঞতাও অমূল্য। ডান-হাতি সিমারদের ভিড়ে এই বাঁ-হাতি স্পিনার আক্রমণে বৈচিত্র্য আনবেন নিঃসন্দেহে।

আয়ারল্যান্ড দলে নেই তারকার ছড়াছড়ি। তুলনায় কোচিং স্টাফ তাদের ঝলমলে। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার ফিল সিমন্স অনেক দিন ধরে দলটির কোচ। বিশ্বকাপের ঠিক আগে আগে বোলিং কোচ হিসেবে যুক্ত হয়েছেন ব্রেট লি। তাকে সহযোগী হিসেবে পেয়ে যথার্থই উল্লসিত সিমন্স, “ফাস্ট বোলিং নিয়ে ব্রেট লির ধারণা বেশ গভীর। বিশেষত অস্ট্রেলিয়ার উইকেটে কেমন বোলিং করতে হবে, সেটি ওর কাছ শিখতে পারবে আমাদের বোলাররা। এমন বিশ্বচ্যাম্পিয়ন একজন আমাদের কাজে আসবে খুব।”

তবে বিশ্বচ্যাম্পিয়নের স্পর্শেই তো আর বিশ্বচ্যাম্পিয়ন হওয়া যায় না। আয়ারল্যান্ড সে স্বপ্ন দেখছেও না। গত দুই বিশ্বকাপের ধারাবাহিকতায় অন্তত একটি দৈত্য-বধের লক্ষ্য তাদের। আর ভারত-পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে কাউকে হারানোর পাশাপাশি জিম্বাবুয়ে-সংযুক্ত আরব আমিরাতকেও যদি হারানো যায়!

বিশ্বকাপ ক্রিকেটে আইরিশ রূপকথার ঘোড়ার টগবগিয়ে ছুটে চলা তাহলে থামবে না ২০১৫ আসরেও!

আয়ারল্যান্ড দল: উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক) অ্যান্ড্রু বালবারনি, পিটার চেস, অ্যালেক্স কুসাক, জর্জ ডকরেল, এড জয়েস, অ্যান্ড্রু ম্যাকব্রিন, জন মানি, কেভিন ও’ব্রায়ান, নিল ও’ব্রায়ান (উইকেটরক্ষক), পল স্টার্লিং, ম্যাক্স সরেনসেন, স্টুয়ার্ট টম্পসন, গ্যারি উইলসন, ক্রেইগ ইয়াং।

বিশ্বকাপ রেকর্ড:

২০০৭: সুপার এইট

২০১১: গ্রুপ পর্ব

বিশ্বকাপ সূচি:

তারিখ

প্রতিপক্ষ

ভেন্যু

১৬ ফেব্রুয়ারি

ওয়েস্ট ইন্ডিজ

নেলসন

২৫ ফেব্রুয়ারি

সংযুক্ত আরব আমিরাত

ব্রিসবেন

৩ মার্চ

দক্ষিণ আফ্রিকা

ক্যানবেরা

৭ মার্চ

জিম্বাবুয়ে

হোবার্ট

১০ মার্চ

ভারত

হ্যামিল্টন

১৫ মার্চ

পাকিস্তান

অ্যাডিলেইড