২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবিশ্বাস্য রেকর্ডের দিনটি ডি ভিলিয়ার্সের কাছে 'ব্যতিক্রম'

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একই ম্যাচে ওয়ানডের দ্রুততম অর্ধশতক ও শতকের রেকর্ড গড়ার পর এবি ডি ভিলিয়ার্স জানালেন, জোহানেসবার্গের দিনটা একটু ব্যতিক্রম ছিল। কারো জন্য সচরাচর এমন দিন আসে না বলেই মনে করেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2015, 07:25 PM

Updated : 12 Oct 2022, 03:11 PM

পুরনো খবর:

রেকর্ডের ম্যাচে দ. আফ্রিকার বিশাল জয়
৩১ বলে শতকের বিশ্ব রেকর্ড

ম্যাচ শেষে ডি ভিলিয়ার্স বলেন, "আজকের দিনটা ব্যতিক্রম ছিল।"

১৬ বলে অর্ধশতক এবং ৩১ বলে শতকের বিশ্ব রেকর্ড গড়ার পর অমন মারমুখী ব্যাটিংয়ের পেছনের একটা কারণও ব্যাখ্যা করেছেন ডি ভিলিয়ার্স।        

হঠাৎ করেই দুটি বল মেরে খেলার পর আর থামেননি তিনি। অন্য সময় এভাবে ব্যাটিং করতে অনেক পরিশ্রম করতে হয়। কিন্তু রোববার শুরু থেকেই তা হয়ে যায়।

উদ্বোধনী দুই ব্যাটসম্যান রিলে রুশো ও হাশিম আমলা যে দারুণ সূচনাটা করেন, সেটা শুধু টেনে নিতে চেয়েছিলেন ডি ভিলিয়ার্স। আর তার পরেও অনেক ব্যাটসম্যান ছিল বলেই শুরু থেকে অমন মারমুখী ব্যাটিংয়ের মনোবল পেয়েছিলেন বলে জানান তিনি।

"আক্রমণাত্মক খেলাই আমার ভাবনা ছিল। আমার ওপর কোনো চাপ ছিল না। জানতাম, আমি আউট হয়ে গেলেও আরও কিছু ব্যাটসম্যান আছে যারা বল মারতে পারে, এটাই আমাকে দারুণভাবে চাপমুক্ত করেছিল।"

জেরোম টেইলরের করা ৩৯তম ওভারের তৃতীয় বলে রিলি রুশো ১২৮ রান করে ফিরে গেলে ক্রিজে আসেন ডি ভিলিয়ার্স। চার হাঁকিয়ে ইনিংস শুরু করা ডি ভিলিয়ার্স প্রথম চার বলে আট রান করেন। তার ঝড়ের শুরু আন্দ্রে রাসেলের চার বলে ২০ রান নিয়ে।

১৫ বলে ৪৫ রান করার পর জেসন হোল্ডারের বলে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগের ওপর দিয়ে বল সীমানার বাইরে পাঠিয়ে অর্ধশতকর রেকর্ডটি নিজের করে নেন ডি ভিলিয়ার্স। ছাড়িয়ে যান ১৯৯৬ সালে পাকিস্তানের বিপক্ষে ১৭ বলে আগের রেকর্ডটি গড়া সনাৎ জয়াসুরিয়াকে।

এরপর ২৮ বলে ৮৮ রানে পৌঁছে যাওয়া ডি ভিলিয়ার্স পরের তিন বলে একটি চার ও দুটি ছক্কা হাঁকিয়ে এক বছর আগে নিউ জিল্যান্ডের কোরি অ্যান্ডাসনের গড়া ৩৬ বলের শতকের রেকর্ডটি ভেঙে দেন।

শেষ ওভারে আউট হওয়ার আগে ৪৪ বলে ৯টি চার ও ১৬টি ছক্কায় ১৪৯ রান করেন ডি ভিলিয়ার্স।