৩১ বলে শতকের বিশ্ব রেকর্ড
মাত্র এক বছর টিকল কোরি অ্যান্ডারসনের বিশ্ব রেকর্ড। নিউ জিল্যান্ডের এই অলরাউন্ডারের গড়া দ্রুততম শতকের রেকর্ড ভেঙ্গে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।
রোববার জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ৩১ বলে শতক পূর্ণ করেন ডি ভিলিয়ার্স।
দ্রুততম শতকের আগের রেকর্ডটি ছিল অ্যান্ডারসনের। গত বছরের ১ জানুয়ারি নিউ জিল্যান্ডের কুইন্সটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই এই অলরাউন্ডার ৩৬ বলে শতক করে ভাঙেন শহীদ আফ্রিদির রেকর্ড।
জেরোম টেইলরের করা ৩৯তম ওভারের তৃতীয় বলে রিলি রুশো ফিরে গেলে ক্রিজে আসেন ডি ভিলিয়ার্স। মুখোমুখি হওয়া প্রথম বলেই চার হাঁকিয়ে তিনি জানান দেন অতিথিদের সামনে ঠিক কী অপেক্ষা করছে।
প্রথম চার বলে আট রান নেয়া ডি ভিলিয়ার্সের ঝড়ের শুরু আন্দ্রে রাসেলের চার বলে ২০ রান নিয়ে। এই সময় দুটি করে চার ও ছক্কা হাঁকান তিনি।
১৫ বলে ৪৫ রান করা ডি ভিলিয়ার্সের অর্ধশতকের রেকর্ড গড়তে প্রয়োজন ছিল একটি ছক্কার। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডারের বলে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগের ওপর দিয়ে বল সীমানার বাইরে পাঠিয়ে রেকর্ডটি নিজের করে নেন তিনি।
১৯৯৬ সালে পাকিস্তানের বিপক্ষে ১৭ বলে শতকে পৌঁছে বিশ্ব রেকর্ডটি গড়েছিলেন সনাৎ জয়াসুরিয়া। ১৮ বছরের পুরনো এই রেকর্ড ভেঙেও থামেননি ডি ভিলিয়ার্স।
হোল্ডারের সেই ওভারের শেষ তিন বলে ১৬ রান নিয়ে শতকের দিকে এগিয়ে যান স্বাগতিক অধিনায়ক।
২৮ বলে ৮৮ রানে পৌঁছে যাওয়া ডি ভিলিয়ার্সের রেকর্ড গড়তে মাত্র ৭ বলে ১২ রান প্রয়োজন ছিল। মাত্র তিন বলেই এই রান তুলে নেন তিনি।
হোল্ডারের বলে চার মেরে নব্বইয়ের ঘরে পৌঁছান ডি ভিলিয়ার্স। পরের দুটি বলে ছক্কা হাঁকিয়ে গড়েন বিশ্ব রেকর্ড। তার দ্বিতীয় অর্ধশতকটি আসে মাত্র ১৫ বলে।
৩১ বলে শতকে পৌঁছতে ৮টি চার ও ১০টি ছক্কা হাঁকান ডি ভিলিয়ার্স। অর্থাৎ চার ও ছক্কা থেকেই আসে ৯২ রান।
আন্দ্রে রাসেলের বলে বিদায় নেয়ার আগে ১৪৯ রানের চমৎকার ইনিংস খেলেন ডি ভিলিয়ার্স। এই ইনিংস খেলার পথে হাশিম আমলার সঙ্গে মাত্র ৬৭ বলে ১৯২ রানের বিশাল জুটি গড়েন তিনি।
ডি ভিলিয়ার্স ছাড়াও আমলা ও রিলি রুশোর শতকে ২ উইকেটে ৪৩৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা।
