২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটিং তাণ্ডবে ওয়ানডের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস দ. আফ্রিকার

অনেক রেকর্ডের এক ম্যাচে একটুর জন্য আরেকটি রেকর্ড নিজেদের করে নিতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে ক্রিকেটের এক ইনিংসে সর্বোচ্চ ৪৪৩ রানের রেকর্ডটি শ্রীলঙ্কার অধিকারেই থাকল। তবে জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার করা ২ উইকেটে ৪৩৯ রান ওয়ানডের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2015, 08:17 PM

Updated : 25 Apr 2022, 12:54 PM

দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করা এই সংগ্রহই। এর আগে ওয়ানডে ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ৯ উইকেটে ৪৩৮ রান।

দক্ষিণ আফ্রিকার ইনিংসটি এই স্টেডিয়ামে কোনো দলের সর্বোচ্চও।

২০০৬ সালের ১২ মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে এই মাঠেই ৪৩৪ রান তাড়া করতে নেমে ৪৩৮ রান করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে ক্রিকেটে এখনো সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড হয়ে আছে এটা।

ওয়ানডে ক্রিকেটে দলীয় সর্বোচ্চ রানের দক্ষিণ আফ্রিকার ইনিংসটা ২০০৬ সালেই ভেঙে দেয় শ্রীলঙ্কা। ওই বছরের জুলাই মাসে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ৪৪৩ রান তোলে তারা।

ওয়ানডেতে ৪০০ পেরোনো স্কোর আছে এ পর্যন্ত ১২টি। এর মধ্যে ৫টিই ভারত করেছে। তিনটি করেছে দক্ষিণ আফ্রিকা। এই ১২টি ইনিংসের ৫টি হয়েছে ভারতে, আর চারটি হয়েছে দক্ষিণ আফ্রিকায়।