২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়াসুরিয়ার দ্রুততম অর্ধশতকের রেকর্ড ভাঙলেন ডি ভিলিয়ার্স

সনাথ জয়াসুরিয়ার ১৮ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। ওয়ানডে ক্রিকেটে দ্রুততম অর্ধশতকে পৌঁছানোর রেকর্ড এখন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের অধিকারে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2015, 06:23 PM

Updated : 25 Apr 2022, 12:54 PM

রোববার জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ১৬ বলে অর্ধশতক পূর্ণ করেন ডি ভিলিয়ার্স।

দ্রুততম অর্ধশতকের আগের রেকর্ডটি ছিল জয়াসুরিয়ার। ১৯৯৬ সালের ৭ এপ্রিল সিঙ্গাপুরে পাকিস্তানের বিপক্ষে ১৭ বলে অর্ধশতক করে রেকর্ডটি গড়েন তিনি।

দক্ষিণ আফ্রিকার দ্রুততম অর্ধশতকের রেকর্ড ছিল মার্ক বাউচারের অধিকারে। এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান ২০০১ সালে কেপ টাউনে কেনিয়ার বিপক্ষে মাত্র ১৯ বলে অর্ধশতকে পৌঁছান।

রোববার ৩৯ তম ওভারে ২৪৭ রানে দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেট পতনের পর ক্রিজে আসেন ডি ভিলিয়ার্স। শুরু থেকেই আক্রমণাত্মক সব শট খেলতে থাকেন স্বাগতিক অধিনায়ক।

দ্রুততম অর্ধশতকে পৌঁছানোর রেকর্ড গড়তে ৩টি চার ও পাঁচটি ছক্কা হাঁকান ডি ভিলিয়ার্স।

পরে ৩১ বলে নিজের রান তিন অঙ্কে নিয়ে গিয়ে দ্রুততম শতকে পৌঁছানোর রেকর্ডও গড়েন ডি ভিলিয়াস। এছাড়া দুই উদ্বোধনী ব্যাটসম্যান হাশিম আমলা ও রিলি রুশোর দুটি চমৎকার শতকে ২ উইকেটে ৪৩৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা।

পুরনো খবর:

এক ইনিংসে ৩ শতক প্রথম দেখল বিশ্ব!