২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ডের ম্যাচে দ. আফ্রিকার বিশাল জয়

আবার ইতিহাসের স্বাক্ষী হল জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়াম। অনেকগুলো রেকর্ডের এক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৮ রানে হারিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2015, 11:05 PM

Updated : 12 Oct 2022, 03:11 PM

পুরনো খবর:

৩১ বলে শতকের বিশ্ব রেকর্ড
এক ইনিংসে ৩ শতক প্রথম দেখল বিশ্ব!
ব্যাটিং তাণ্ডবে ওয়ানডের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস দ. আফ্রিকার
১৬ ছক্কায় বিশ্বরেকর্ড ছুঁলেন ডি ভিলিয়ার্স
জয়াসুরিয়ার দ্রুততম অর্ধশতকের রেকর্ড ভাঙলেন ডি ভিলিয়ার্স

টসে জিতে ব্যাট করতে নেমে ঝড় তোলেন দক্ষিণ আফ্রিকার তিন ব্যাটসম্যান হাশিম আমলা, রিলে রুশো ও এবি ডি ভিলিয়ার্স। তিন জনেরই শতকে ৫০ ওভারে ২ উইকেটে ৪৩৯ রান করে স্বাগতিকরা। জবাবে ৭ উইকেট হারিয়ে ২৯১ রান তুলতে পারে অতিথিরা।

ইনিংস উদ্বোধন করতে নেমে ১১৫ বলে ১২৮ রান করে রুশো আউট হন। দারুণ ফর্মে থাকা আমলা ১৪২ বলে করেন অপরাজিত ১৫৩ রান। এরপর রেকর্ড গড়া শতক করেন তিন নম্বরে নামা এবি ডি ভিলিয়ার্স।

১৬ বলে অর্ধশতক করার পর ৩১ বলে শতক পূর্ণ করেন ডি ভিলিয়ার্স।

দ্রুততম শতকের আগের রেকর্ডটি ছিল অ্যান্ডারসনের। গত বছরের ১ জানুয়ারি নিউ জিল্যান্ডের কুইন্সটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই এই অলরাউন্ডার ৩৬ বলে শতক করে ভাঙেন শহীদ আফ্রিদির রেকর্ড।

জেরোম টেইলরের করা ৩৯তম ওভারের তৃতীয় বলে রিলি রুশো ফিরে গেলে ক্রিজে আসেন ডি ভিলিয়ার্স। মুখোমুখি হওয়া প্রথম বলেই চার হাঁকিয়ে তিনি জানান দেন অতিথিদের সামনে ঠিক কী অপেক্ষা করছে।

প্রথম চার বলে আট রান নেয়া ডি ভিলিয়ার্সের ঝড়ের শুরু আন্দ্রে রাসেলের চার বলে ২০ রান নিয়ে। এই সময় দুটি করে চার ও ছক্কা হাঁকান তিনি।

১৫ বলে ৪৫ রান করা ডি ভিলিয়ার্সের অর্ধশতকের রেকর্ড গড়তে প্রয়োজন ছিল একটি ছক্কার। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডারের বলে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগের ওপর দিয়ে বল সীমানার বাইরে পাঠিয়ে রেকর্ডটি নিজের করে নেন তিনি।

১৯৯৬ সালে পাকিস্তানের বিপক্ষে ১৭ বলে শতকে পৌঁছে বিশ্ব রেকর্ডটি গড়েছিলেন সনাৎ জয়াসুরিয়া। ১৮ বছরের পুরনো এই রেকর্ড ভেঙেও থামেননি ডি ভিলিয়ার্স।

হোল্ডারের সেই ওভারের শেষ তিন বলে ১৬ রান নিয়ে শতকের দিকে এগিয়ে যান স্বাগতিক অধিনায়ক। ২৮ বলে ৮৮ রানে পৌঁছে যাওয়ার পর রেকর্ড গড়তে মাত্র ৭ বলে ১২ রান প্রয়োজন ছিল। মাত্র তিন বলেই এই রান তুলে নেন তিনি।

হোল্ডারের বলে চার মেরে নব্বইয়ের ঘরে পৌঁছান ডি ভিলিয়ার্স। পরের দুটি বলে ছক্কা হাঁকিয়ে গড়েন বিশ্বরেকর্ড। তার দ্বিতীয় অর্ধশতকটি আসে মাত্র ১৫ বলে।

৩১ বলে শতকে পৌঁছতে ৮টি চার ও ১০টি ছক্কা হাঁকান ডি ভিলিয়ার্স। অর্থাৎ চার ও ছক্কা থেকেই আসে ৯২ রান।

আন্দ্রে রাসেলের বলে বিদায় নেয়ার আগে ৪৪ বলে ১৪৯ রানের চমৎকার ইনিংস খেলেন ডি ভিলিয়ার্স। এই ইনিংস খেলার পথে হাশিম আমলার সঙ্গে মাত্র ৬৭ বলে ১৯২ রানের বিশাল জুটি গড়েন তিনি।

এ ছাড়া এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে (১৬টি) ভারতের রোহিত শর্মার সঙ্গে ভাগ বসান ডি ভিলিয়ার্স।

এর আগে ২০১৩ সালের নভেম্বরে ব্যাঙ্গালোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৯ রানের ইনিংস খেলার পথে ১৬টি ছক্কা মেরেছিলেন ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসের মালিক রোহিত।

দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করা এই সংগ্রহই। এর আগে ওয়ানডে ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ৯ উইকেটে ৪৩৮ রান।

দক্ষিণ আফ্রিকার ইনিংসটি এই স্টেডিয়ামে কোনো দলের সর্বোচ্চও।

২০০৬ সালের ১২ মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে এই মাঠেই ৪৩৪ রান তাড়া করতে নেমে ইতিহাস গড়ে ৪৩৮ রান করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে ক্রিকেটে এখনো সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড হয়ে আছে এটা।

ওয়ানডে ক্রিকেটে দলীয় সর্বোচ্চ রানের দক্ষিণ আফ্রিকার ইনিংসটা ২০০৬ সালেই ভেঙে দেয় শ্রীলঙ্কা। ওই বছরের জুলাই মাসে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ৪৪৩ রান তোলে তারা। একটুর জন্য এ রেকর্ডটা ভাঙতে পালন না দক্ষিণ আফ্রিকা।

ওয়ানডেতে ৪০০ পেরোনো স্কোর আছে এ পর্যন্ত ১২টি। এর মধ্যে ৫টিই ভারত করেছে। তিনটি করেছে দক্ষিণ আফ্রিকা। এই ১২টি ইনিংসের ৫টি হয়েছে ভারতে, আর চারটি হয়েছে দক্ষিণ আফ্রিকায়।

দক্ষিণ আফ্রিকার পড়া উইকেট দুটি নেন ওয়েস্ট ইন্ডিজের জেরোম টেইলর ও আন্দ্রে রাসেল।

প্রায় অসম্ভব তাড়া করতে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৩৬ রানে ক্রিস গেইলকে হারায় তারা। দ্রুত আউট হয়ে ফেরেন লিওন জনসনও।

উদ্বোধনী ব্যাটসম্যান ডোয়াইন স্মিথ ও দিনেশ রামদিন দুটি অর্ধশতক করলেও কখনোই জয়ের দিকে ছোটার মতো অবস্থায় যেতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

স্মিথ ৬৫ বলে ৬৪ রান করে আউট হন। আর রামদিন করেন ৫৫ বলে ৫৭ রান।

এ ছাড়া ৪০ করে রান করেন মারলন স্যামুয়েলস ও জোনাথন কার্টার।

দুটি করে উইকেট নেন দক্ষিণ আফ্রিকার মরনে মরকেল ও ভার্নন ফিল্যান্ডার।