ড্রয়ের পথে পোর্ট এলিজাবেথ টেস্ট
পোর্ট এলিজাবেথ টেস্টের চতুর্থ দিনের খেলাও বৃষ্টির বাধায় পড়েছে। বারবার বৃষ্টির কারণে এখনও দুই দলের প্রথম ইনিংসই শেষ হয়নি। তাই চরম নাটকীয় কিছু না হলে ড্র হতে চলেছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট।
চতুর্থ দিন শেষে ৯ উইকেটে ২৭৫ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ; এখনও ১৪২ রানে পিছিয়ে আছে তারা।
এর আগে ৮ উইকেটে ৪১৭ রান করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। বৃষ্টির কারণে দ্বিতীয় দিন মাত্র ছয় ওভার খেলা হয়। তৃতীয় দিনেও ছিল বৃষ্টির বাধা।
সোমবার সারা দিনে ৩৫ ওভারের বেশি খেলা হয়নি। তবে এই সময়ের মধ্যেই শতক তুলে নেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ক্রেইগ ব্রেথওয়েইট ও মারলন স্যামুয়েলস।
ব্রেথওয়েইটের এটা তৃতীয় আর স্যামুয়েলসের ষষ্ঠ টেস্ট শতক।
২ উইকেটে ১৪৭ রান নিয়ে ব্যাট করতে নেমে ব্রেথওয়েইট ও স্যামুয়েলস জুটি আরো ৮৪ রান যোগ করে। ভার্নন ফিল্যান্ডারের বলে স্যামুয়েলস এলবিডব্লিউ হলে ভাঙে তাদের ১৭৬ রানের জুটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় উইকেটে এটাই ক্যারিবীয়দের সর্বোচ্চ রানের জুটি।
১৮৬ বলে ১২টি চারের সাহায্যে ১০৬ রান করেন ব্রেথওয়েইট। আর স্যামুয়েলস ১৬০ বলে ১৪টি চার ও ১টি ছক্কায় ১০১ রান করেন।
এই দুই জনের বিদায়ের পর অতিথিদের আর কেউ বড় ইনিংস গড়তে পারেনি।
দক্ষিণ আফ্রিকার পক্ষে মর্নে মরকেল ৪টি এবং ইমরান তাহির ৩টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৪১৭/৮ ডিক্লে. (এলগার ১২১, দু প্লেসি ১০৩; পিটার্স ২/৬৯, গ্যাব্রিয়েল ২/৮০, টেইলর ২/১১৪)
ওয়েস্ট ইন্ডিজ: ২৭৫/৯ (ব্রেথওয়েইট ১০৬, স্মিথ ২২, জনসন ০, স্যামুয়েলস ১০১, চন্দরপল ৭, রামদিন ২০, হোল্ডার ১, টেইলর ১০*, বেন ৪, পিটার্স ০; মরকেল ৪/৬৯, ইমরান ৩/১০৮, ফিল্যান্ডার ১/৪১)
