উদ্বোধনী জুটিতে রেকর্ড তামিম, ইমরুলের
জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে উদ্বোধনী জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস।
বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের প্রথম দিন টসে জিতে ব্যাট করতে নেমে ২২৪ রানের জুটি গড়েন তামিম ও ইমরুল। এই দুইজনের শতকে উদ্বোধনী জুটিতে প্রথমবারের মতো দুইশ’ করলো বাংলাদেশ।
উদ্বোধনী জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ডটি তামিম ও ইমরুলের অধিকারেই ছিল। ২০১০ সালে লর্ডসে ১৮৫ রান করেছিলেন এই দুই জনে।
বুধবার তৃতীয় সেশনের শুরুতে সিকান্দার রাজার বল উঠিয়ে মারতে গিয়ে তামিম হ্যামিল্টন মাসাকাদজার ক্যাচে পরিণত হয়ে ভাঙে ৬৩ ওভার ৫ বল স্থায়ী জুটি।
টেস্টে সব মিলিয়ে এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রানের জুটি। গত বছর গল টেস্টে পঞ্চম উইকেটে মোহাম্মদ আশরাফুল ও মুশফিকুর রহিমের গড়া ২৬৭ রান বাংলাদেশের সর্বোচ্চ।
দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটিতে আছেন ইমরুল। গত ফেব্রুয়ারিতে এই মাঠেই দ্বিতীয় উইকেটে শামসুর রহমানের সঙ্গে ২৩২ রানের জুটি গড়েন তিনি। শামসুরের ব্যর্থতায়ই এবার দলে আসেন ইমরুল।
জিম্বাবুয়ের বিপক্ষে উদ্বোধনী জুটিতে এর আগে একবারই একশ’ পার হয়েছিল। বাংলাদেশের সংগ্রহ। ২০০৫ সালে তাদের বিপক্ষে ১৩৩ রানের জুটি গড়েছিলেন নাফিস ইকবাল ও জাভেদ ওমর বেলিম।
