গেইলের শততম টেস্ট জ্যামাইকায়
ক্রিস গেইল তার শততম টেস্ট ম্যাচটি খেলবেন ঘরের মাঠ জ্যামাইকায়। জুন মাসে নিউ জিল্যান্ডে-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টটি হবে এখানে।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ৩টি টেস্ট ও দুটি টি-টোয়েন্টির সিরিজ খেলতে জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে নিউ জিল্যান্ড।
জ্যামাইকায় সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৮ জুন। দ্বিতীয় টেস্ট হবে ত্রিনিদাদে এবং তৃতীয় ও শেষ টেস্টটি গায়ানাতে হবে।
৫ ও ৬ জুলাই দুটি টি-টোয়েন্টিই হবে দমিনিকাতে।
তবে নিউ জিল্যান্ডের এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরের সবচেয়ে বড় আকর্ষণ প্রথম টেস্টেই। সবকিছু ঠিক থাকলে জ্যামাইকায় প্রথম টেস্টে ক্যারিয়ারের শততম টেস্ট খেলতে নামবেন গেইল।
গেইলের শততম টেস্টকে আকর্ষণীয় করে তুলতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বিশেষ কিছু করার পরিকল্পনা করছে। উদযাপনটা ঠিক কি রকম হবে - সেটা পরে জানাবে কর্তৃপক্ষ।
ওয়েস্ট ইন্ডিজ-নিউ জিল্যান্ড সিরিজের সূচি:
৮-১২ জুন, প্রথম টেস্ট, জ্যামাইকা
১৬-২০ জুন, দ্বিতীয় টেস্ট, ত্রিনিদাদ
২৬-৩০ জুন, তৃতীয় টেস্ট, গায়ানা
৫ জুলাই, প্রথম টি-টোয়েন্টি, দমিনিকা
৬ জুলাই, দ্বিতীয় টি-টোয়েন্টি, দমিনিকা
