২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেইলির ভাবনায় স্পিন

পাকিস্তানের ব্যাটিং নয়, পেস বোলিংও নয়, শুধু স্পিন আক্রমণ নিয়ে ভাবছেন অস্ট্রেলিয়া অধিনায়ক জর্জ বেইলি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2014, 03:18 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

রোববার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। তার আগের দিন সংবাদ সম্মেলনে পাকিস্তানের স্পিনারদের নিয়ে যথেষ্ট সমীহ দেখালেন দলটির টি-টোয়েন্টির অধিনায়ক।

“আমরা তাদের সব খেলোয়াড়দেরই বিভিন্ন সময়ে দেখেছি। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশের তিনজন স্পিনারই ওদের। তাই এটা বলতেই হবে, স্পিন আক্রমণে ওরা বেশ শক্তিশালী।”

পেশাদার ক্রিকেটে ‘কন্ডিশন’ –এর দোহাই দিতে চান না অস্ট্রেলিয়া অধিনায়ক। তবে খেলাটা পাকিস্তানের সঙ্গে বলেই বাংলাদেশের স্পিন বোলিং সহায়ক উইকেট ঠিকই ভাবাচ্ছে তাকে।

“আমার ধারণা, টি-টোয়েন্টি যেখানেই হোক না কেন, স্পিন বোলিং বড় ভূমিকা রাখে। আর এখানকার এই কন্ডিশনে তো এটা ম্যাচ জয়ের মন্ত্রই হতে পারে। আমরা জানি, এখানে প্রচুর স্পিন মোকাবেলা করতে হবে আমাদের।”

অভিজ্ঞতা আর দক্ষতায় পাকিস্তানের চেয়ে নিজেদেরই এগিয়ে রাখছেন অস্ট্রেলিয়া অধিনায়ক। প্রথম ম্যাচ জিতে টুর্নামেন্টটা ভালোভাবে শুরু করতে চায় অস্ট্রেলিয়া। শক্তির বিচারে তারা একটু এগিয়েও আছে বলে মনে করে অনেকেই। তবে ক্রিকেটের ক্ষুদ্রতর এই সংস্করণে শিরোপা-খরা কাটানোর ‘মিশন’ নিয়ে আসা বেইলির ভাবনাটা অন্যরকম।

“আমরা একটু এগিয়ে আছি বলে আমার মনে হয় না। আমাদের খুব দ্রুতই এখানকার উইকেটের সঙ্গে মানিয়ে নিতে হবে।”

এ ক্ষেত্রে বিপিএল খেলে যাওয়া ব্র্যাড হজ অস্ট্রেলিয়া দলকে ভালো সাহায্য করতে পারবেন বলে মনে করেন বেইলি।

তবে পাকিস্তানের বিপক্ষে জয়ের মন্ত্র ওই একটাই দেখছেন বেইলি। আর সেটা স্পিন। তিনি বলেন, “তাদের (পাকিস্তান) স্পিনারদের খেলতে আমাদের বরাবরই কষ্ট হয়। আমরা যদি জিততে চাই, তাহলে তাদের স্পিনারদের ভালো খেলতে হবে আমাদের।”