দেশে ফিরছেন হেরাথ, এরাঙ্গা
দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ ও সামিন্দা এরাঙ্গার। চোট নিয়ে তাদের দেশে ফিরে যেতে হচ্ছে বলে নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট।
হাঁটুর চোটে ভুগছেন শ্রীলঙ্কার সবচেয়ে অভিজ্ঞ স্পিনার হেরাথ। পেসার এরাঙ্গা উরুর পেশিতে চোট পেয়েছেন।মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৪৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন এরাঙ্গা। দ্বিতীয় ইনিংসে ২৬ রানে ১ উইকেট নিয়েছিলেন তিনি। হেরাথ প্রথম ইনিংসে ৫০ রানে ২ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে ৪৭ রানে ১ উইকেট নিয়েছিলেন।টেস্ট দলে তাদের জায়গায় ডাক পেয়েছেন ব্যাটসম্যান কৌশল জেনিথ পেরেরা ও অলরাউন্ডার থিসেরা পেরেরা।মঙ্গলবার এ দুজন চট্টগ্রাম পৌঁছাবেন। টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজেও দলে রয়েছেন তারা।
