বড় লিড নেয়ার পথে শ্রীলঙ্কা
মাহেলা জয়াবর্ধনের শতক এবং কুশল সিলভার প্রায়-শতকের ওপরে ভর করে দ্বিতীয় টেস্টে বড় লিড নেয়ার উজ্জ্বল সম্ভাবনা শ্রীলঙ্কার। ৪ উইকেটে ৩১৮ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করা শ্রীলঙ্কানরা ১৫৩ রানে এগিয়ে আছে।
বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১ উইকেটে ৫৭ রান নিয়ে ব্যাট করতে নামা অতিথি দলের শুরুটা ভালো হয়নি। দিনের ষষ্ঠ ওভারে কুমার সাঙ্গাকারাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে পাকিস্তানকে সাফল্য এনে দেন বাঁহাতি পেসার রাহাত আলী। আগের দিনের ১২ রানের সঙ্গে দ্বিতীয় দিন মাত্র ১৪ রান যোগ করতে পেরেছেন শ্রীলঙ্কার অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান।সাঙ্গাকারা বিদায় নেয়ার সময় স্কোর ৭৫/২। ১৩ রান যোগ হওয়ার পর আবার শ্রীলঙ্কার জন্য আঘাত। আরেক বাঁহাতি পেসার জুনায়েদ খানের বলে রাহাতের তালুবন্দী হয়ে ফিরতে হয় দীনেশ চান্দিমালকে (১২)।দিনের বাকি সময় পাকিস্তানের জন্য শুধুই হতাশার। আগের দিন একটি ক্যাচ নিতে গিয়ে হাত কেটে যাওয়ায় তিনটি শেলাই নিতে হয়েছিল প্রথম টেস্টে পাঁচ ও শূন্য রান করা জয়াবর্ধনেকে। সব যন্ত্রণা, সব হতাশাকে পেছনে ফেলে শ্রীলঙ্কার সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান জ্বলে উঠলেন দারুণভাবে। পাশে পেলেন মাত্র পঞ্চম টেস্ট খেলতে নামা কুশল সিলভাকে।চতুর্থ উইকেটে দুজনের ১৩৯ রানের জুটি দুবাই টেস্টের রাশ এনে দিয়েছে শ্রীলঙ্কার হাতে।উদ্বোধনী ব্যাটসম্যান কুশলের দুর্ভাগ্য, মোহাম্মদ হাফিজের বলে এলবিডব্লিউ হয়ে প্রথম টেস্ট শতকের দুয়ার থেকে ফিরতে হয়েছে। তার ২২১ বলে খেলা ৯৫ রানের আক্ষেপভরা ইনিংসে চারের সংখ্যা ১০টি।তবে পাকিস্তানের বোলারদের পক্ষে জয়াবর্ধনেকে ফেরানো সম্ভব হয়নি। ৩২তম টেস্ট শতক করে তিনি ১০৬ রানে অপরাজিত। ২৩০ বলের দৃঢ়তাভরা ইনিংসটি ১২টি চার দিয়ে সাজানো।
পঞ্চম উইকেটে জয়াবর্ধনের সঙ্গে ৯১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। দিন শেষে শ্রীলঙ্কার অধিনায়ক ৪২ রানে অপরাজিত।
পাকিস্তানের দুশ্চিন্তা বাড়িয়ে আবারো উইকেটশূন্য সাঈদ আজমল। আবুধাবিতে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪৯ ওভার বল করে কোনো উইকেট পাননি। দুবাইয়ে ২৭ ওভার বোলিংও পাকিস্তানের সাম্প্রতিক সময়ের সবচেয়ে সফল বোলারকে সাফল্য এনে দিতে পারেনি।সংক্ষিপ্ত স্কোর:পাকিস্তান প্রথম ইনিংস: ১৬৫ (মনজুর ৭৩, বিলাওয়াল ২৪*; হেরাথ ৩/২৬, প্রদীপ ৩/৬২)শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৩১৮/৪ (করুনারত্নে ৩২, কৌশল ৯৫, সাঙ্গাকারা ২৬, চান্দিমাল ১২, জয়াবর্ধনে ১০৬*, ম্যাথিউস ৪২*; জুনায়েদ ২/৭৫, হাফিজ ১/১১, রাহাত ১/১০৯)
