রজার্সের শতকে অস্ট্রেলিয়ার সহজ জয়
ক্রিস রজার্সের শতকে মেলবোর্ন টেস্টের চতুর্থ দিনের চা-বিরতির আগেই ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। নখদন্তহীন ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা।
১৯ রানে অ্যালেস্টার কুকের হাতে জীবন পাওয়া রজার্স খেলেছেন ১১৬ রানের চমৎকার এক ইনিংস। জয়ের জন্য চতুর্থ দিন অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ২০১ রান। আগের তিনদিন বোলারদের দাপুটে পারফরম্যান্সে কাজটা সহজ হবে বলে মনে হচ্ছিল না।
কিন্তু জীবন পাওয়া রজার্স ডেভিড ওয়ার্নারের সঙ্গে ৬৪ ও শেন ওয়াটসনের সঙ্গে ১৩৬ রানের দুটি ভালো জুটি উপহার দিয়ে দলকে টানা চতুর্থ জয়ের দিকে নিয়ে যান।
দ্বিতীয় টেস্ট শতক হাকানো রজার্স দলীয় ২০০ রানে সাজঘরে ফিরলেও বাকি কাজটুকু সহজেই সারেন ওয়াটসন ও অধিনায়ক মাইকেল ক্লার্ক। ওয়াটসন ৮৩ ও ক্লার্ক ছয় রানে অপরাজিত থাকেন।
২০০৬/০৭ মৌসুমে ইংল্যান্ডকে পাঁচ ম্যাচের সিরিজে ৫-০ ব্যবধানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। ৩ জানুয়ারি সিডনিতে শুরু হতে যাওয়া সিরিজের শেষ টেস্টে এটার পুনরাবৃত্তির লক্ষ্য নিয়েই নামবে স্বাগতিকরা।
প্রথম ইনিংসে লিড নেয়ার পরও এই হারে ভীষণ হতাশ ইংল্যান্ডের অধিনায়ক কুক।
“আমরা যে অবস্থানে ছিলাম সেখান থেকে এই হার মেনে নেয়া কঠিন। আজ সকালেও তিনটি সুযোগ তৈরি করতে পেরেছিলাম, কিন্তু কোনোটাই কাজে লাগাতে পারিনি। ছোট লক্ষ্যে সেটাই ব্যবধান গড়ে দেয়।”
প্রথম ইনিংসে পাঁচ উইকেটসহ ম্যাচে আট উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক বাঁহাতি পেসার মিচেল জনসন বলেন, “বক্সিংডেতে এই প্রথম বল করলাম, আর ৯১ হাজার দর্শকের সামনে বল করার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ।”
তবে ম্যাচ সেরার পুরস্কার সতীর্থ ক্রিস রজার্সেরই পাওয়া উচিৎ ছিল বলে মনে করেন তিনি।
সিরিজ জেতার আত্মবিশ্বাস ছিলই, কিন্তু চার ম্যাচ শেষে ৪-০ ব্যবধানে এগিয়ে থাকবেন ভাবতে পারেননি খোদ অস্ট্রেলিয়ার অধিনায়ক ক্লার্ক।
“ছেলেদের ওপর আস্থা ছিল, আমরা সিরিজ জিতব। তবে ৪-০ ব্যবধানে এগিয়ে থাকা অসাধারণ কিছু। আমরা খুব বেশি রান করতে পারিনি, বেশি উইকেটও নিতে পারিনি। তবে ছেলেরা ঘুরে দাঁড়িয়েছে।”
সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড: ২৫৫ (পিটারসেন ৭১, কারবেরি ৩৮; জনসন ৫/৬৩, হ্যারিস ২/৪৭) ও ১৭৯ (কুক ৫১, কারবেরি ১২, রুট ১৫, পিটারসেন ৪৯, বেল ০, স্টোকস ১৯, বেয়ারস্টো ২১, ব্রেসনান ০, ব্রড ০, অ্যান্ডারসন ১*, পানেসার ০; লায়ন ৫/৫০, জনসন ৩/২৫, সিডল ১/৪৬)
অস্ট্রেলিয়া: ২০৪ (হ্যাডিন ৬৫,রজার্স ৬১; অ্যান্ডারসন ৪/৬৭, ব্রড ৩/৪৫) ও ২৩১/২ (রজার্স ১১৬, ওয়ার্নার ২৫, ওয়াটসন ৮৩*, ক্লার্ক ৬*; পানেসার ১/৪১, স্টোকস ১/৫০)।
ম্যাচ সেরা: মিচেল জনসন।
