পিটারসেনে প্রতিরোধ ইংল্যান্ডের
উইকেটে 'সেট' হয়েও ইংল্যান্ডের ব্যাটসম্যানরা সাজঘরে ফেরায় মেলবোর্নে টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। ৬ উইকেটে ২২৬ রানে দিন শেষ করা ইংল্যান্ডের ভরসা হয়ে টিকে আছেন মিডল অর্ডার ব্যাটসম্যান কেভিন পিটারসেন।
প্রথম তিন ম্যাচে সিরিজের নিষ্পত্তি হয়ে গেলেও অ্যাশেজের চতুর্থ টেস্ট নিয়ে দর্শকদের আগ্রহের কোনো কমতি নেই। 'বক্সিং ডে'র উৎসবে ৯১ হাজার ৯২ জন দর্শক মাঠে বসে খেলা দেখেছেন, যা টেস্ট ম্যাচে একদিনে সর্বোচ্চ দর্শক উপস্থিতি।
বৃহস্পতিবার দর্শকে পরিপূর্ণ এমসিজিতে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায় সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া।
অধিনায়ক অ্যালিস্টার কুক (২৭) ও জো রুটের (২৪) সঙ্গে মাইকেল কারবেরি (৩৮) ৪৮ রানের দুটি সম্ভাবনাময় জুটি গড়লেও ১০৬ রানে প্রথম তিন ব্যাটসম্যানের বিদায়ে ইংল্যান্ডের শুরুটা ভালো হয়নি।
চতুর্থ উইকেটে ইয়ান বেলের সঙ্গে পিটারসেনের ৬৭ রানের জুটি দিনের শেষ পানি পানের বিরতির আগে ৩ উইকেটে ১৭৩ রানের ভালো অবস্থানে নিয়ে যায় ইংল্যান্ডকে।
শেষ ঘণ্টায় বেল (২৭), বেন স্টোকস (১৪) ও জনি বেয়ারস্টোর (১০) বিদায়ে স্বস্তিটুকু হারায় অতিথিরা।
এখন ৬৭ রানে অপরাজিত পিটারসেনের দিকে তাকিয়ে টানা তিন টেস্টে হেরে বিপর্যস্ত ইংল্যান্ড। এ রান করার পথে জিওফ বয়কটকে (৮ হাজার ১১৪ রান) পেছনে ফেলে ইংল্যান্ডের পক্ষে টেস্টে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রহক হয়েছেন ‘কেপি’।
নিজের সপ্তম ওভারের পঞ্চম বলটি করতে গিয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন শেন ওয়াটসন। তবে রায়ান হ্যারিস, মিচেল জনসনরা তার অনুপস্থিতি বুঝতেই দেননি।
সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড প্রথম ইনিংস: ২২৬/৬ (কুক ২৭, কারবেরি ৩৮, রুট ২৪, পিটারসেন ৬৭*, বেল ২৭, স্টোকস ১৪, বেয়ারস্টো ১০, ব্রেসনান ১*; হ্যারিস ২/৩২, জনসন ২/৫৯, ওয়াটসন ১/১১, সিডল ১/৪৮)
