টানা চতুর্থ জয়ের সামনে অস্ট্রেলিয়া
দ্বিতীয় দিন চাপের মধ্যে থাকা অস্ট্রেলিয়ার সামনেই এখন জয়ের হাতছানি। মেলবোর্নে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস ১৭৯ রানে গুটিয়ে ২৩১ রানের জয়ের লক্ষ্য পাওয়া অস্ট্রেলীয়দের তৃতীয় দিন শেষে সংগ্রহ বিনা উইকেটে ৩০ রান।
অর্থাৎ অ্যাশেজে ৪-০ ব্যবধানে এগিয়ে যেতে ১০ উইকেট হাতে নিয়ে আর ২০১ রান চাই মাইকেল ক্লার্কের দলের।প্রথম ইনিংসে ৫১ রানে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরাতে প্রধান ভূমিকা নেইথান লায়নের। ৫০ রানে ৫ উইকেট নিয়ে এই অফস্পিনার ইংল্যান্ডের মূল ‘হন্তারক’।শনিবার ৯ উইকেটে ১৬৪ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ২০৪ রান পর্যন্ত নিয়ে যাওয়ার কৃতিত্ব ব্র্যাড হ্যাডিন ও লায়নের। শেষ উইকেটে ৪০ রানের জুটি গড়েন দুজনে।জেমস অ্যান্ডারসনের বলে উইকেটরক্ষক জনি বেয়ারস্টোর হাতে ধরা পড়ার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক হ্যাডিন। লায়ন অপরাজিত থাকেন ১৮ রানে।৬৭ রানে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার অ্যান্ডারসন।৫১ রানের লিড পাওয়া ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালোই হয়েছিল। মাইকেল কারবেরিকে সঙ্গে নিয়ে অধিনায়ক অ্যালেস্টার কুক ৬৫ রানের উদ্বোধনী জুটি উপহার দেন দলকে।কিন্তু ৫১ রান করে কুক বিদায় নেয়ার পর বিপদে পড়ে যায় অতিথি দল। মাত্র ৬ বলের ব্যবধানে কারবেরি (১২), জো রুট (১৫) ও ইয়ান বেল (০) আউট হয়ে গেলে ১ উইকেটে ৮৬ থেকে ৪ উইকেটে ৮৭ রানে পরিণত হয় তারা।এর পর বলতে গেলে একাই খেলতে হয়েছে কেভিন পিটারসেনকে। মাত্র ১ রানের জন্য ম্যাচে দ্বিতীয় অর্ধশতক না পাওয়া ‘কেপি’র ৯০ বলে ৪৯ রানের ইনিংসে ৪টি চার।পিটারসেনের দৃঢ়তায় ৫ উইকেটে ১৭৩ রানে পৌঁছে গেলেও পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ৬ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড।ইনিংসে চতুর্থ বারের মতো পাঁচ উইকেট নেয়া লায়নকে যোগ্য সঙ্গ দিয়ে ২৫ রানে তিন উইকেট নেন মিচেল জনসন। এবারের অ্যাশেজে এই বাঁহাতি পেসারের এখন ৩১টি উইকেট।সংক্ষিপ্ত স্কোর:ইংল্যান্ড: ২৫৫ (পিটারসেন ৭১, কারবেরি ৩৮; জনসন ৫/৬৩, হ্যারিস ২/৪৭) ও ১৭৯ (কুক ৫১, কারবেরি ১২, রুট ১৫, পিটারসেন ৪৯, বেল ০, স্টোকস ১৯, বেয়ারস্টো ২১, ব্রেসনান ০, ব্রড ০, অ্যান্ডারসন ১*, পানেসার ০; লায়ন ৫/৫০, জনসন ৩/২৫, সিডল ১/৪৬)অস্ট্রেলিয়া: ২০৪ (রজার্স ৬১, ওয়ার্নার ৯, ওয়াটসন ১০, ক্লার্ক ১০, স্মিথ ১৯, বেইলি ০, হ্যাডিন ৬৫, জনসন ২, হ্যারিস ৬, সিডল ০, লায়ন ১৮*; অ্যান্ডারসন ৪/৬৭, ব্রড ৩/৪৫, ব্রেসনান ২/২৪, স্টোকস ১/৪৬) ও ৩০/০ (রজার্স ১৮*, ওয়ার্নার ১২*)।
