২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ জিতল নিউ জিল্যান্ড

চতুর্থ দিন জয়ের জন্য নিউ জিল্যান্ডের দরকার ছিল মাত্র ১১৬ রান। ২ উইকেট হারিয়ে সে লক্ষ্যে পৌঁছে হ্যামিল্টন টেস্ট সহজেই জিতেছে স্বাগতিকরা। সেই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় এল ২-০ ব্যবধানে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2013, 01:34 PM

Updated : 13 Oct 2022, 03:08 PM

পুরনো খবর:

আবার অতিথিদের সামনে টেইলরের বাধা
চন্দরপল, রামদিনের ব্যাটে বিপর্যয় কাটালো উইন্ডিজ

দ্বিতীয় ইনিংসে নিউ জিল্যান্ডের প্রয়োজন ছিল ১২২ রান। আগের দিন ছয় রান করার পর রোববার মধ্যাহ্ন-বিরতির কিছুক্ষণ পরই লক্ষ্যে পৌঁছে যায় নিউ জিল্যান্ড।

সেডন পার্কে দ্বিতীয় উইকেটে হামিশ রাদারফোর্ডের সঙ্গে কেন উইলিয়ামসনের ৮৩ রানের জুটি দলের সহজ জয় এনে দেয়। বীরাস্বামী পারমলের বলে বোল্ড হওয়ার আগে ৫৬ রান করেন উইলিয়ামসন।

৪৮ রানে অপরাজিত থাকেন রাদারফোর্ড। প্রথম ইনিংসে দারুণ এক শতক হাঁকিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতা রস টেইলর অপরাজিত থাকেন ২ রানে।

সিরিজের তিন ম্যাচেই শতক পাওয়া টেইলর পাঁচ ইনিংসে ২৪৭.৫ গড়ে করেছেন ৪৯৫ রান।

টেস্ট র‌্যাঙ্কিংয়ের সেরা আট দলের বিপক্ষে ২০০৬ সালের পর এটাই নিউ জিল্যান্ডের প্রথম সিরিজ জয়। সেবারও ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হারিয়েছিল তারা।

বৃষ্টি বাধা হয়ে না দাঁড়ালে ৩-০ ব্যবধানেই হয়তো জিততে পারতো নিউ জিল্যান্ড। প্রথম টেস্টের শেষ সেশনের খেলা বৃষ্টিতে ধুয়ে যাওয়ায় সেই ম্যাচ ড্র হয়ে যায়। সে সময় জয়ের জন্য মাত্র ৩৩ রান প্রয়োজন ছিল স্বাগতিকদের। দ্বিতীয় টেস্টে অতিথিদের ইনিংস ও ৭৩ রানে হারায় তারা।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ৩৬৭ (চন্দরপল ১২২*, রামদিন ১০৭; সাউদি ৪/৭৯, অ্যান্ডারসন ৩/৪৭) ও ১০৩ (ব্রেথওয়েইট ৭, এডওয়ার্ডস ১, পাওয়েল ০, স্যামুয়েলস ৮, চন্দরপল ২০, দিওনারায়ণ ১৩, রামদিন ১৮, স্যামি ২৪, নারায়ণ ০*, পারমল ০, বেস্ট ০; বোল্ট ৪/২৩, সাউদি ৩/১২, ওয়াগনার ২/৩৪, অ্যান্ডারসন ১/২২)

নিউ জিল্যান্ড: ৩৪৯ (টেইলর ১৩১, উইলিয়ামসন ৫৮; সুনীল ৬/৯১) ও ১২৪/২ (ফুলটন ১০, রাদারফোর্ড ৪৮*, উইলিয়ামসন ৫৬, টেইলর ২*; স্যামি ১/২১, পারমল ১/২৯)