চন্দরপল, রামদিনের ব্যাটে বিপর্যয় কাটালো উইন্ডিজ
হ্যামিল্টন টেস্টে ব্যাটিং বিপর্যয়ে পড়া ওয়েস্ট ইন্ডিজকে দুইশ' রানের জুটি গড়ে উদ্ধার করেছেন শিবনারায়ণ চন্দরপল ও দিনেশ রামদিন। ছয় উইকেটে ২৮৯ রান করে প্রথম দিন শেষ করেছে অতিথিরা।
১৪৮ বলে ১৮ চারের সাহায্যে ১০৭ রান করে রামদিন প্যাভিলিয়নে ফিরে গেলেও এখনও ক্রিজে আছেন চন্দরপল। ৯৪ রান নিয়ে খেলছেন তিনি। তার ১৬৮ বলের ইনিংসে আছে ১০টি চার। দ্বিতীয় দিন চন্দরপলের সঙ্গে ব্যাটিংয়ে নামবেন এখনও রানের খাতা না খোলা অধিনায়ক ড্যারেন স্যামি।
বৃহস্পতিবার টস হেরে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের শুরুটা কিন্তু খারাপ হয়নি। প্রথম সেশনে কাইরন পাওয়েলের (২৬) উইকেটটি হারিয়ে ৭১ রান করেছিল তারা।
তবে বিরতির পরই মুখ থুবড়ে পড়ে তাদের ইনিংস। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ক্রেইগ ব্রেথওয়েইটের (৪৫) আউট দিয়ে বিপর্যয়ের শুরু। আট ওভারে দলীয় স্কোরে মাত্র ১৫ রান যোগ করতে চার উইকেট হারায় অতিথিরা। ক্যারিবীয়দের স্কোর দাঁড়ায় ৮৬/৫।
শতক করার পথে দিনেশ রামদিনের একটি শট।
বল ঠেকাচ্ছেন শিবনারায়ণ চন্দরপল।
শতক করে ব্যাট তুললেন দিনেশ রামদিন।
প্রথম টেস্টে বৃষ্টির কারণে বেঁচে যাওয়া অতিথিরা দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৭৩ রানে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে।
সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ: ২৮৯/৬ (ব্রেথওয়েট ৪৫, পাওয়েল ২৬, এডওয়ার্ডস ৬, স্যামুয়েলস ০, চন্দরপল ৯৪*, দিওনারায়ণ ২, রামদিন ১০৭, স্যামি ০*, অ্যান্ডারসন ৩/২৫, সাউদি ২/৫৬, ওয়াগনার ১/৬৬)
