২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেইলরকেই বাধা মানছে উইন্ডিজ

নিউ জিল্যান্ডের ব্যাটসম্যান রস টেইলরকে রুখতে না পারলে তিন টেস্টের সিরিজে হার এড়ানো সম্ভব হবে না বলে ধারণা ওয়েস্ট ইন্ডিজের কোচ ওটিস গিবসনের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2013, 03:24 PM

Updated : 13 Oct 2022, 03:08 PM

প্রথম টেস্টে বৃষ্টির কারণে বেঁচে যাওয়া অতিথিরা দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৭৩ রানে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে। বৃহস্পতিবার হ্যামিল্টনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি হবে।

ওয়েস্ট ইন্ডিজ কোচের ধারণা অবশ্য একেবারে অমূলকও নয়। ঐ দুই টেস্টেই ক্যারিবীয়দের উপর রানের পাহাড় চাপানোর মুল কৃতিত্বটা ঐ টেইলরের। ডানেডিনে ২১৭ রানে অপরাজিত ছিলেন সাবেক অধিনায়ক টেইলর। আর ওয়েলিংটনে খেলেন ১২৯ রানের ম্যাচজয়ী ইনিংস।

তবে দ্বিতীয় টেস্টে শূন্য রানে একবার জীবন পেয়েছিলেন টেইলর। টেইলরের ব্যাটের কানায় লেগে পেসার টিনো বেস্টের বলটি স্লিপে দাঁড়ানো কার্ক এডওয়ার্ডসের হাত ফসকে যায়। আর টেইলরের ওই শতরানের সুবাদে প্রতিপক্ষের উপর ৪৪১ রানের বোঝা চাপিয়ে দেয় নিউ জিল্যান্ড।

তাই হ্যামিল্টনে জিতে সিরিজে সমতা টানতে হলে সবার আগে টেইলরকে প্রতিহত করার শর্ত জুড়ে দিয়ে গিবসন বলেন,“(দ্বিতীয় টেস্টে) শূন্য রানে আমরা তার ক্যাচ ফেলেছিলাম আর দিনশেষে তিনি করেন ১২৯ রান। তার মতো দক্ষ একজন খেলোয়াড় এক ইনিংসে দুই-তিনবার সুযোগ (তাকে আউট করার) নিশ্চয় দেবে না।”

দুই দলের মধ্যে টেইলরকেই তাই পার্থক্য হিসেবে দেখছেন গিবসন।

এদিকে, সিরিজ জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে নিউ জিল্যান্ড বেশ উৎফুল্ল। চোট থেকে সেরে উঠেছেন অল-রাউন্ডার কোরি অ্যান্ডারসনও। তাই প্রথম দুই টেস্টের অপরিবর্তিত দল নিয়ে তৃতীয় টেস্টে খেলার কথা জানিয়েছেন নিউ জিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।