২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার অতিথিদের সামনে টেইলরের বাধা

প্রথম দুই টেস্টে অপরাজিত ২১৭ ও ১২৯ রানের দুটো দুর্দান্ত ইনিংস খেলা রস টেইলরকে নিয়ে দুশ্চিন্তায় ছিল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের শঙ্কাকে সঠিক প্রমাণ করে আবার জ্বলে উঠেছেন টেইলর। তার অপরাজিত ৫৬ রানের সুবাদে তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে নিউ জিল্যান্ডের স্কোর ৩ উইকেটে ১৫৬ রান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2013, 04:54 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

শুক্রবার হ্যামিল্টনের সেডন পার্কে ৬ উইকেটে ২৮৯ রান নিয়ে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজকে ৩৬৭ রান পর‌্যন্ত নিয়ে যেতে সবচেয়ে বড় অবদান শিবনারায়ণ চন্দরপলের। ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান ১২২ রান করে অপরাজিত থেকে যান। ২২৯ বলের ইনিংসটি সাজানো ১১টি চারে।

২৯তম শতক করার পথে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডারকে পেছনে ফেলে ষষ্ঠ স্থানে উঠে আসেন ৩৯ বছর বয়সী চন্দরপল। আপাতত তার রান ১১ হাজার ১৯৯। ১৫ হাজার ৯২১ রান নিয়ে সবার ওপরে গত মাসে ক্রিকেটকে বিদায় জানানো শচীন টেন্ডুলকার।

দিনের শুরুতে অধিনায়ক ড্যারেন স্যামি ও সুনীল নারায়ণকে হারালেও নবম উইকেটে বীরাসামি পারমলের (২০) সঙ্গে ২৫ ও শেষ উইকেটে টিনো বেস্টকে (২৫) নিয়ে ৩৫ রানের দুটো মূল্যবান জুটি গড়েন চন্দরপল।

৭৯ রানে চার উইকেট নিয়ে নিউ জিল্যান্ডের সফলতম বোলার টিম সাউদি।

জবাবে ব্যাট করতে নেমে ষষ্ঠ ওভারে প্রথম ধাক্কা খায় নিউ জিল্যান্ড। দলীয় ১৮ রানে স্যামিকে ফিরতি ক্যাচ দিয়ে ফিরে যান হামিশ রাদারফোর্ড (১০)।

বাকি দুটো উইকেটই নারায়ণের। পিটার ফুলটনকে (১১) স্যামির ক্যাচ বানিয়ে প্রথম সাফল্য পান এই অফস্পিনার। তবে পরের সাফল্যের জন্য অনেকক্ষণ অপেক্ষায় থাকতে হয়েছে।

৪৩ রানে ২ উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়ে যাওয়া নিউ জিল্যান্ডকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন কেন উইলিয়ামসন ও টেইলর। তৃতীয় উইকেটে ৯৫ রানের জুটি গড়েন দুজনে।

৫৮ রান করা উইলিয়ামসনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে জুটিটা ভাঙ্গেন নারায়ণ।

তবে যথারীতি দাঁড়িয়ে গেছেন টেইলর। সাবেক অধিনায়ক টেইলর ও বর্তমান অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম (অপরাজিত ১১) লিড এনে দেয়ার স্বপ্ন দেখাচ্ছেন তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা নিউ জিল্যান্ডকে।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৩৬৭ (ব্রেথওয়েইট ৪৫, পাওয়েল ২৬, এডওয়ার্ডস ৬, স্যামুয়েলস ০, চন্দরপল ১২২*, দিওনারায়ণ ২, রামদিন ১০৭, স্যামি ৩, নারায়ণ ২, পারমল ২০, বেস্ট ২৫; সাউদি ৪/৭৯, অ্যান্ডারসন ৩/৪৭, সোধি ১/৬৫, ওয়াগনার ১/৬৭, বোল্ট ১/৮৪)

নিউ জিল্যান্ড প্রথম ইনিংস: ১৫৬/৩ (ফুলটন ১১, রাদারফোর্ড ১০, উইলিয়ামসন ৫৮, টেইলর ৫৬*, ম্যাককালাম ১১*; নারায়ণ ২/৪৩, স্যামি ১/১৭)