২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চোটে এক মাস মাঠের বাইরে গেইল

উরুর পেশির চোটে ভারতের শেষ দুটি ওয়ানডেতে খেলা হচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইলের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2013, 01:46 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

ভারত সফরে দুই টেস্টেই ইনিংস ব্যবধানে হারা অতিথিদের জন্য আরও দুঃসংবাদ, নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজেও মাঠের বাইরে থাকতে হবে অন্যতম এই ব্যাটিং ভরসাকে।

কোচির নেহেরু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিং করার সময় চোট পান গেইল। স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যেতে হয় তাকে।

দলের ফিজিও সি জে ক্লার্ক শনিবার নিশ্চিত করেন, উরুর পেশির (হ্যামস্ট্রিং) চোটে পড়েছেন বাঁহাতি ব্যাটসম্যান।

“চোট সেরে উঠতে অন্তত চার সপ্তাহ সময় লাগবে। তিনি দেশে ফিরে গেছেন সেখানই তার পুনর্বাসনের কাজ চলবে। আশা করি, নিউ জিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগেই সুস্থ হয়ে উঠবেন।”

ভারতের বিপক্ষে শেষ দুটি ওয়ানডের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে গেইলের বদলে বিকল্প কোনো খেলোয়াড়ের নাম ঘোষণা করা হয়নি।